মুক্তিযোদ্ধাদের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস দেয়া হয়েছে।
রেদোয়ান আহমেদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৭ সালে অর্থ আত্মসাতের অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় রেদোয়ান আহমেদসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অপর দুই আসামি হলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ ও মহাসচিব শাহ আলম চৌধুরী।
পরে ২০২০ সালের ২০ আগস্ট রেদোয়ান ও শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।



