বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে, স্বাধীনতার বিরুদ্ধে তারা আঘাত হানতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রকারীরা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য। এদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো। স্বাধীনতাবিরোধী এবং গণতন্ত্রবিরোধী শক্তি দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করে।



