ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক সৌরভ দাস এর বাসায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার সময় আব্দুল গফুর সরকার লেইন, শম্ভুগঞ্জ মধ্যবাজার, কোতোয়ালি থানার আওতাধীন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা প্রাণনাশের শঙ্কায় দিনাতিপাত করছে। ওই স্কুল শিক্ষকের ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৌরভ দাস; এমন অভিযোগ এনে বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৌরভ দাসের বাড়ি ওই এলাকায়। তার পিতা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাড়িতে বসবাস করেন। গত ৬ই সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা অতর্কিত তাদের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এসময় তার পরিবারের সদস্যরা আতংকগ্রস্ত হয়ে বাধা প্রদানের চেষ্টা করলে তার পিতা ভূপেন্দ্র চন্দ্র দাস হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। কে বা কারা এই হামলার সাথে জড়িত তা তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে ময়মনসিংহ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের চেষ্টা চলছে।
উল্লেখ্য চলতি বছরে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ব্যাপক সরকার বিরোধী আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার ৫ই অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



