নিজস্ব প্রতিবেদক: বৈষম্য নিরসনসহ জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার থেকে ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) এই কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।
এদিকে গত কয়েকদিনের মতো আজও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এর ব্যানারে এই কর্মসূচি চলছে। একই সঙ্গে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতিও পালন করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। আজ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির খবর আমার কাছে এসেছে।
আন্দোলনরত শিক্ষকরা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবণ, হারুন অর রশীদ, আব্দুর রহমান, ইসমাইল হোসেন, আবু সায়েম মোল্লা প্রমুখ।
বাংলাপেইজ/এএসএম



