নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন ভৌগোলিক কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে দুর্নীতিকে প্রধান প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত ‘বার্ষিক সম্মিলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বহুকাল আগে ১৯৮৭ সালে আমাকে একটা সম্মেলনে ডাকা হয়েছিল এখানে। তখন একটা প্রবন্ধ পাঠ করেছিলাম। এর শিরোনাম ছিল ‘গ্রোয়িং আপ উইথ জায়ান্টস’। আমি ব্যাখ্যা করেছিলাম, আমাদের বাংলাদেশের একটি সুবর্ণ সুযোগ, জাতি হিসেবে আমাদের যে অবস্থান, চমৎকার অবস্থান।
ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের দুই পাশে দুই মহাশক্তি। ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে, আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদের ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উড়তে থাকব। সেই থেকে আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, এর অবস্থানের কারণে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।
বাংলাপেইজ/এএসএম



