নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এবং নোয়াখালীর ভাসানচরে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানের জন্য ১৬২ কোটি ১০ লাখ ১৪ হাজার ৭৮০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কক্সবাজার এবং নোয়াখালী জেলায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত (এফডিএমএন) নাগরিকদের জন্য সমন্বিত যৌন ও লিঙ্গ-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা এবং সুযোগ-সুবিধা কেনার প্রস্তাব করলে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন করে। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠানের ১৬২ কোটি ১০ লাখ ১৪ হাজার ৭৮০ টাকার প্রস্তাবও কমিটি কর্তৃক অনুমোদিত হয়।
এই প্যাকেজের আওতায় টেকনাফ ও উখিয়া উপজেলা এবং ভাসানচরের রোহিঙ্গাদের মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হবে।
বাংলাপেইজ/এএসএম



