ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দল চলতি বছর ২৯ জুন-৫ জুলাই মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা।
নারী ফুটবল দলের ঐতিহাসিক সাফল্যে খুশি হয়ে ৭ জুলাই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। প্রায় সাড়ে তিন মাস পর বুধবার সেই প্রতিশ্রুত অর্থ মেয়েদের হাতে তুলে দেওয়া হবে।
থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ রাতে দেশে ফিরেছেন আফিদা-ঋতুপর্ণারা। কাল সকাল সাড়ে দশটায় জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে নির্বাহী পরিচালকের মাধ্যমে তাদের পুরষ্কার প্রদান করা হবে।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বাফুফেকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। সেখানে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের ৫ জন কর্মকর্তা এবং এশিয়া কাপ বাছাই স্কোয়াডের সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাপেইজ/এএসএম



