ক্রীড়া ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যে পেশাদার ফুটবলকে বিদায় বলতে চান বলে জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে স্পষ্ট করে তিনি ঠিক সময়টা উল্লেখ করেননি।
মূলত ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের এখন মনোযোগ পর্তুগালের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার দিকে। এ ছাড়া পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোল পূর্ণ করার লক্ষ্যের কথা তিনি আগেই জানিয়েছিলেন। সম্ভবত সেই স্বপ্ন ছোঁয়া পর্যন্ত অপেক্ষা করতে চান সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
বয়সটা ৪১–এর দিকে ছুটলে মাঠের পারফরম্যান্সে সেই ছাপ রাখতে চান না সিআরসেভেন। জাতীয় দল ও ক্লাবের হয়ে ইতোমধ্যে তিনি ৯৫২টি গোল করে ফেলেছেন। ফলে স্বপ্ন পূরণে খুব একটা দূরে নেই রোনালদো। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। দুই পর্বের ওই সাক্ষাৎকারের প্রথমটি গতকাল (মঙ্গলবার) প্রকাশিত হয়েছে।
মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো নিজের অবসর প্রসঙ্গে বলেন, ‘শিগগিরই (ঘোষণা দেব)। আমার মনে হয় আমি প্রস্তুত হয়ে উঠছি। যদিও এমন সিদ্ধান্ত খুবই, খুবই কঠিন।
কিন্তু ২৫, ২৬-২৭ বছর থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রস্তুতি শুরু করেছিলাম। এই চাপ নিতে আমি সক্ষম বলে মনে করি। ফুটবলে গোল করার পরের অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।’
‘সবকিছুরই একটি শুরু ও শেষ আছে। ফলে নিশ্চিতভাবে আমি নিজের ও পরিবারের জন্য এবং সন্তান পালনে আরও বেশি সময় পেতে যাচ্ছি’, আরও যোগ করেন রোনালদো। ২০০৬ আসর দিয়ে শুরু, ইতোমধ্যে তিনি পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। তবে চূড়ান্ত সাফল্যের স্বাদ পাওয়া হয়নি তার। বিশ্বকাপ দিয়ে কাউকে সেরা বিবেচনা করাও ন্যায্য বলে দাবি রোনালদোর, ‘এটা কোনো স্বপ্ন নয়। এটা দিয়ে কী নির্ধারিত হয়? আমি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন কি না? কোনো একটা প্রতিযোগিতা জিতেই? ছয় কিংবা সাতটা ম্যাচ খেলেই! এটা কি ন্যায্য ব্যাপার?’
বাংলাপেইজ/এএসএম



