নিজস্ব প্রতিবেদক: আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ৫৪ বছর ধরে নিপীড়ন, বির্যাতন, নিগ্রহের পরেও ইসলামী শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছে। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, ওঠা বাকি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ মসজিদ মিশন কর্তৃক আয়োজিত ‘মুসলিম পারিবারিক আইন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, পাকিস্তানি শাসনামলে মুসলিম পারিবারিক আইন নামে এমন কিছু বিধান চাপিয়ে দেওয়া হয়েছিল, যার কিছু কিছু বিষয় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। আমরা আশা করছি, সরকার বিষয়টি আমলে নিয়ে বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে এটি সমাধান করবেন।
মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর পরিচালনায় সেমিনার ও ইমাম সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশের মানুষ ঈমানের ব্যাপারে ও দ্বীনের ব্যাপারে আপোসহীন। কুরআন ও সুন্নাহর কথা বললে তারা দ্বিধাহীনভাবেই তা গ্রহণ করেন।
বাংলাপেইজ/এএসএম



