Homeআজকের শীর্ষ সংবাদসরকার দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে

সরকার দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট পরিচালনায় বিশ্বের ৫৭তম দেশ হিসেবে যাত্রা শুরু করেছে ২০১৮ সালে। সেই স্যাটেলাইট এখন শুধু কার্যকরই নয়, লাভজনকও। এ পর্যন্ত প্রায় ৩৮ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা এসেছে।

সরকার এখন দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, যা নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) স্থাপন করা হবে, যাতে আরও স্পষ্ট ছবি ও তথ্য পাওয়া যায়।

আজ (সোমবার) সন্ধ্যায় ‘ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি)’ সদর দপ্তরের কাউন্সিল হলে ‘স্যাটেলাইট ড্রোনস অ্যান্ড দ্য ফিউচার অব স্পেস টেকনোলজি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে দেখছে না বরং জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করছে। যোগাযোগ, সম্প্রচার, রিমোট সেন্সিং ও তথ্য সংগ্রহে এর চাহিদা দ্রুত বাড়ছে।

এ প্রযুক্তি ইতোমধ্যে মানুষের জীবন বদলে দিতে শুরু করেছে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য খাতে।

তিনি আরও জানান, উপকূলীয় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটের মাধ্যমে আগাম বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। গভীর সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলো যাতে ঘূর্ণিঝড় বা বৈরী আবহাওয়ার আগে সতর্কবার্তা পায়, সে বিষয়ে কাজ করছে সরকার। প্রতিবছর সমুদ্রে দুর্ঘটনায় বহু জেলে প্রাণ হারান। স্যাটেলাইট প্রযুক্তি সেই ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

কৃষি খাতেও স্যাটেলাইটের ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট চিত্র ব্যবহার করে বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও কৃষিজমির অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। কোনো এলাকায় কী ধরনের ফসল ভালো হয়, কোথায় ক্ষতি হচ্ছে এসব তথ্যও দ্রুত পাওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments