জ্যেষ্ঠ প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়ে বলেছেন, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে কৃষি, সামুদ্রিক খাত, বস্ত্র শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (এগ্রো-প্রসেসিং) বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।
নেদারল্যান্ডস প্রতিনিধি দল বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে কৃষপণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য সংরক্ষণ, কৃষি মূল্য সংযোজন এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে তারা আগ্রহ দেখান।
নেদারল্যান্ডস প্রতিনিধি দল বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও সাফল্যেরও ভূয়সী প্রশংসা করেন তারা।



