আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৈঠকের পর তিনি প্ল্যাটফর্মটির প্রতি চলমান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তিনি এ অনুরোধ জানান।
সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক্সে দেওয়া এক পোস্টে নাড্ডা বলেন, আজ সকালে বিক্ষোভকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্ল্যাটফর্মটি নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।
তিনি বলেন, ‘আজ সকালে প্রথমবারের মতো বিক্ষোভকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। এরপর বেলা ১১টা ৫০ মিনিট থেকে আমাদের আলোচনা শুরু হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তাদের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত প্রাথমিক মৌখিক আলোচনা হয়েছে। তারা বিকেল ৪টার দিকে আমার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।’
ভারতের এ মন্ত্রী বলেন, ‘আমি সব বিক্ষোভকারীকে তাদের অবস্থান কর্মসূচি শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেছি।’



