নিজস্ব প্রতিবদক: ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মো. শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তাসনিমের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে সংগঠনের মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনিরা সুলতানা আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নেতৃত্বের নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সাবেক সভাপতি শাহ সুফি ওয়াছি মিয়া বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের সাংগঠনিক মূল্যবোধ সমুন্নত রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে।
তিনি আরও জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে আবৃত্তিচর্চা, বাচিক শিল্প, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকা আরও বিস্তৃত হবে। পাশাপাশি দেশের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।



