নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত করা হয়নি। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম রয়েছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।



