বিশ্বনাথ প্রতিনিধি:: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, আমি ছোটকালে দেখেছি, ঢল আসতো সকাল ৯টার মধ্যে আবার সন্ধ্যার পরে পানি চলে যেতো। আর এখন পানি আসছে আজকে বিশদিন, আটক হয়ে আছে। মানুষের দুর্ভোগ অনেক অনেক বেড়েছে। পানি সহজে যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের নদী-নালা অনেকগুলো ভরাট হয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, নদী-নালা খনন না করলে পানি আসবে। আগামীতে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আদেশ করেছেন, সিলেটের সবকটা নদী খনন কার্যক্রম শুরু করতে। তিনি আরও বলেন, আমাদের সিলেটে আগে বহু পুকুর-জলাশয় ও হাওর ছিল। ঢল আসলে পানি ওগুলোতে চলে যেতো। মানুষের ঘরের উপর আসতো না। আর এখন আমরা হাওর ভরাট করে আবাসিক এলাকা তৈরি করছি। আমাদের সিলেটের শহরের সাগর দিঘি, বড় দিঘি সেখানে এক বিন্দু পানি পাবে না। মাছু দিঘি, চৌকি দিঘি, লাল দিঘি, ধোপা দিঘি সব দিঘিরই এখন একই অবস্থা। ধোপা দিঘি মাত্র পাঁচ ভাগের এক ভাগ টিকে আছে। বাকি সব দখল হয়ে গেছে। আমাদের প্রকৃতি নিয়ে থাকতে হবে। অথচ আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করতেছি। ওর সাথে যুদ্ধ করে সুবিধা হবে না। সরকারের পক্ষ থেকে বন্যার্তদের জন্যে সাহায্যের কোন অভাব নেই। বন্যায় ঘর-বাড়ি নষ্ট হয়েছে। এখন প্রয়োজন ঘর-বাড়ি তৈরির। এ জন্যে যথেষ্ট টাকা সরকার দেবে। শেখ হাসিনা সরকার মানুষের সেবার জন্য একেবারে বদ্ধপরিকর। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি গ্রামে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে ২৫০টি বন্যার্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সহযোগিতা করে হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন-বেতসান্দি। হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গয়াছ মিয়া গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ওসি গাজী আতাউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোবাশ্বির আলী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইফতেখার হোসেন পিয়ার, সদস্য এ এইচ এম ফিরোজ আলী, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য বসির আহমদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি স্বপন শিকদার, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) পার্থ সারথি দাশ পাপ্পু প্রমুখ।



