Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশপদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সোমবার (৪ জুলাই) সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার (৩ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় আসছেন তিনি।

জানা গেছে, সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ চত্বরে শোভাবর্ধন ও মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। সেই পদ্মা সেতু হয়ে প্রথম প্রধানমন্ত্রী সড়কপথে টুঙ্গিপাড়ায় আসছেন। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও উদ্বেলিত। সোমবার টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও স্বাগত জানানো হবে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী একান্ত পারিবারিক সফরে টুঙ্গিপাড়ায় আসছেন। তিনি সড়কপথে আসবেন। এখানে বেশকিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ উচ্ছ্বসিত।

গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া হেলিপ্যাড, বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে মধুমতি নদীতে নির্মিত দৃষ্টিনন্দন ঘাটলা পরিষ্কার-পরিচ্ছন্ন, সংস্কার ও শোভাবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। মধুমতি নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত পাটগাতী ঘাটলায় যাওয়ার সড়ক জরুরি মেরামত ও সংস্কার করা হয়েছে।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন। তার সফর উপলক্ষে সড়ক বিভাগের পক্ষ থেকে সড়কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছে। সড়কের পাশের জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সড়কের উভয়পাশের গাছে রং করে শোভাবর্ধন করা হয়েছে।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে সমাধিসৌধ কমপ্লেক্সের ধোয়ামোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার এ কাজ চলমান থাকবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন পথেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments