বিএনপি সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি ও রাস্তাঘাট বন্ধ করলে তা প্রতিহত করা হবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘বিএনপি ঢাকায় ২০ লোক নিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে বসে থাকুক, আমাদের অসুবিধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের জানমালের ক্ষতি ও রাস্তাঘাট বন্ধ করে তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে।’
বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া, আছমত আলী খান ফাউন্ডেশন ও সেলটেক গ্রুপের আয়োজন আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও অন্যান্যরা।



