বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন। রোববার রাত দেড়টায় দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে।
স্থপতি মোবাশ্বের দেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ছিলেন। ক্লাবের পাশাপাশি জাতীয় ক্রীড়া ফেডারেশনেও ছিল পদচারণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও ছিলেন মোবাশ্বের।
ক্রীড়া সংগঠকদের বিশেষ সংগঠন সম্মিলিত ক্রীড়া পরিবার। এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন স্থপতি মোবাশ্বের। তিনি সম্মিলিত ক্রীড়া পরিবারের আহ্বায়ক ছিলেন।
গত এক দশকের বেশি সময় অবশ্য তিনি সক্রিয়ভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত ছিলেন না। এরপরও ক্রীড়াঙ্গনের ত্রুটি বিচ্যুতিতে কথা বলতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের পরিবর্তন, ফুটবল ফেডারেশনের সাফল্য-ব্যর্থতা সহ নানা বিষয়ে তিনি সরব ছিলেন।
বাংলাপেইজ/এএসএম



