এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন দেশের মোট জনসংখ্যা। জনশুমারির চূড়ান্ত প্রতিবেদনের উদ্দৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানিয়েছেন।
এর আগে গত জুলাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ বলে জানানো হয়েছিল।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ‘পোস্ট ইনিউমেরেশন চেক (পিইসি) অব দ্য পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস ২০২২’ প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
বিবিএসের জনসংখ্যা জরিপে কেউ বাদ পড়েছেন কিনা, তা জানতে আলাদাভাবে জরিপ করে সরকারি সংস্থা বিআইডিএস। তাতে ২ দশমিক ৭৫ শতাংশ তথা ৪৭ লাখ মানুষ বাদ পড়ার তথ্য পাওয়া যায়। তাদের যোগ করে চূড়ান্ত হিসাবে দেশে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ।
বিআইডিএস প্রতিবেদনে উঠে এসেছে, গণনায় সব থেকে বেশি বাদ পড়েছিল সিলেট বিভাগে ৩ দশমিক ২৮ শতাংশ এবং ময়মনসিংহে ২ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া বরিশালে ২ দশমিক ৬১, চট্টগ্রামে ২ দশমিক ৭৩, ঢাকায় ২ দশমিক ৭৭, রাজশাহীতে ২ দশমিক ০৬ এবং রংপুরে ২ দশমিক ১৪ শতাংশ মানুষ প্রাথমিক গণনায় বাদ পড়েছিল। বন্যার কারণে সিলেট ও ময়মনসিংহে বেশি মানুষ গণনার বাইরে ছিল।
এছাড়া প্রাথমিক জনগণনার সময় শহরে বাদ পড়েছিল ৩ দশমিক ১৯ শতাংশ এবং গ্রামে বাদ পড়েছিল ২ দশমিক ৫৪ শতাংশ মানুষ। উপজেলা সদরে ২ দশমিক ৬২, পৌরসভায় ২ দশমিক ৯৯ এবং সিটি কর্পোরেশন এলাকায় ৩ দশমিক ৭০ শতাংশ মানুষ বাদ পড়েছিল।
বাংলাপেইজ/এএসএম



