বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা সদস্যদের শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে তাদের দেশে প্রত্যাবর্তন করতে বেলজিয়ামের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এ সময় রাষ্ট্রপতি তার সহযোগিতা কামনা করেন।
২০২২ সালে বাংলাদেশ ও বেলজিয়ামের সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই সময়ের মধ্যে দুই দেশের চলমান সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং এটাকে আরও উচ্চতায় নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
রোহিঙ্গা প্রসঙ্গ তুলে রানিকে আবদুল হামিদ বলেন, বাংলাদেশে গত পাঁচ বছর ধরে মিয়ানমারের ১১ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিক আশ্রয় নিয়ে অবস্থান করছে, যা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। অথচ এই পাঁচ বছরে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।
এ সময় রোহিঙ্গারা যাতে সম্মানজনকভাবে তাদের দেশে প্রত্যাবর্তন করতে পারে, সেজন্য বেলজিয়ামসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা কামনাও করেন রাষ্ট্রপতি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভান্ডারহাসেল্ট, বঙ্গভবনের সচিবরা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইকে



