প্রতিনিয়ত বাড়ছে মুত্যুর সংখ্যা। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেবল তুরস্কেই নিহতের সংখ্যা বাড়িয়েছে ২১ হাজার ছাড়িয়ে। আর প্রতিবেশী সিরিয়ায় প্রাণ গেছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষের। এ নিয়ে সোমবারের ভূমিকম্পে প্রাণহানি ২৫ হাজার ছাড়িয়েছে।
ভূমিকম্পে হাজারও মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ায় এখন তুরস্কের বাতাসে লাশের গন্ধ ভাসছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন প্রতিনিধি জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সোমবার আঘাত হানা ভূমিকম্পে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৮৪৮ জনে দাঁড়িয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ৫৫৩ জন ছাড়িয়ে গেছে। আর তুরস্কে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৮৪৮ জন। ফলে পাঁচদিন আগের এই ভূমিকম্পে উভয় দেশে মারা গেছেন ২৫ হাজার ৪০১ জন।
এদিকে, তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানার পঞ্চম দিনেও ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের স্পন্দন। উদ্ধারকারীদের প্রাণপন চেষ্টায় এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিত লোকজনের সন্ধান মিলছে। অলৌকিকভাবে উদ্ধারের ঘটনা ঘটছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ধ্বংসস্তূপের নিচ থেকে তুরস্কে আজ আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়ার পাঁচ দিনের বেশি সময় পর এক কিশোর ও দুই নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারী কর্মীরা।
বাংলাপেইজ/এএসএম



