রাজধানীর মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৭ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
বুধবার (১৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। তবে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কারণে এদিন আসামিদের আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। এজন্য বিচারক শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অপর আসামিরা হলেন- হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ. এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন ও ফায়েজুর রহমান।



