ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রীড়া ব্যবস্থায় পেশাদারত্ব আনতে বড় উদ্যোগ নিতে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় দলের খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ৫১ ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।
ক্রিকেট ছাড়া বাকি সকল ফেডারেশনেরই আর্থিক ও অবকাঠামোগত সংকট ব্যাপক। ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও মাঠ-স্টেডিয়াম সমস্যায় জর্জরিত। বাকি ফেডারেশনগুলোর অবস্থাও করুণ। অনেক ফেডারেশনই আজ নিজেদের স্বল্প বাজেট, অনুশীলন সমস্যা, অফিস কক্ষ নেই- এমন অনেক সমস্যার বিষয় তুলে ধরেছেন।
ঘণ্টা তিনেক ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের ব্রিফ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘‘আমরা ফেডারেশনগুলোর কাছে এক সপ্তাহের মধ্যে গত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন চেয়েছি। এটা আমাদের মূল্যায়ন ও পরিকল্পনায় সহায়ক হবে।’’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার নির্বাচনকালীন সময় থেকে বলে আসছিলেন, ‘খেলা হবে পেশা।’ খেলায় পেশাদারত্ব আনতে জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনতে চান তিনি। বিগত কয়েক দিন ধরে এ নিয়ে আলোচনা হলেও আজ ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর খানিকটা রূপরেখা দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘‘ফেডারেশনগুলোর কাছে আমরা জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা চেয়েছি। আমরা তাদের বেতনের আওতায় আনতে চাই। সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের বেতনের ব্যবস্থা করা হবে। কোন খেলোয়াড়দের কোন গ্রেড, এগুলো নিয়ে কাজ করতে হবে। রোজার মধ্যে এগুলো করে ঈদের পর বাস্তবায়ন করতে চাই।’’
বাংলাপেইজ/এএসএম



