Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদমধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব শাহরুখের সিনেমায়

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব শাহরুখের সিনেমায়

বিনোদন ডেস্ক: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়ল বলিউড কিং শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ। মেগাবাজেটের এই সিনেমায় শুটিং সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, পূর্বপরিকল্পনা অনুযায়ী দুবাইয়ে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অংশের চিত্রায়ণ হওয়ার কথা ছিল।

কিন্তু নিরাপত্তার খাতিরে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন নির্মাতারা। বর্তমানে দুবাইয়ের পরিবর্তে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সেট তৈরি করে শুটিং চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ে টানা এক সপ্তাহ ‘কিং’-এর শুটিং করার জন্য সব ধরনের প্রস্তুতি ও অনুমতি নেওয়া হয়েছিল। তবে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচলে অস্থিরতার কারণে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন নির্মাতারা।

ঝুঁকির মুখে পুরো ইউনিটকে দুবাই না পাঠিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার একটি স্টুডিওতে দুবাইয়ের মরুভূমির আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। সেখানেই সুহানা খান ও অনিল কাপুরের একটি অ্যাকশন ও চেজিং সিকোয়েন্সের শুটিং করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

উল্লেখ্য, ‘কিং’ সিনেমার একটি বড় অংশের শুটিং ইতোমধ্যে লন্ডনে সম্পন্ন হয়েছে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় পর্দার দর্শকদের জন্য মানসম্মত চিত্রায়ণ আনতে কোনো খামতি রাখতে চাইছেন না নির্মাতারা। ফলে বিদেশের লোকেশন বাতিল হলেও স্টুডিওতে ব্যয়বহুল সেট নির্মাণের মাধ্যমে তার চেষ্টা চালানো হচ্ছে।

সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments