জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশের সুনীল বা সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন অংশীজন ও বিশেষজ্ঞরা। বিপুল এ সম্ভাবনা বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের পাশাপাশি দেশি-বিদেশি গবেষণা সংস্থা ও গবেষকদের পরামর্শ আবশ্যক বলেও মত দিয়েছেন তারা।
সোমবার (১৩ জুলাই) ঢাকার উত্তরায় সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির দোয়েল সেমিনার হলে ‘ব্লু ইকোনোমি থিংক ট্যাংক’ আয়োজিত এক নীতি-নির্ধারণী ও পরামর্শ সভায় বক্তারা বাংলাদেশের অর্থনীতি ও টেকসই উন্নয়নে সমুদ্র-অর্থনীতির গুরুত্বের কথা তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজার সভাপতিত্বে “বাংলাদেশের সুনীল অর্থনীতি ব্যবস্থাপনায় জাতীয় অংশীজনদের পরামর্শ সভা” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমুদ্র বিপুল সম্পদের আধার এবং এ সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ, জাতীয় রূপরেখা ও আইনি কাঠামো প্রণয়ন জরুরি।
এ ছাড়া, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বিভাগ এবং জাতীয় অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। সমুদ্র অর্থনীতির ওপর বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং গবেষকদের বাংলাদেশের সুনীল অর্থনীতি-ব্যবস্থাপনায় যুক্ত করারও পরামর্শ দেওয়া হয়।



