লক্ষ্মীপুরে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে ইটপাটকেল ছুঁড়ে আহত করার ঘটনায় করা মামলায় সবুজ আহমেদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বাজার ব্রিজ এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সবুজ লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার মৃত সুজায়েত উল্যার ছেলে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলার এজাহারে সবুজের নাম না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় সবুজ জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে আতংক তৈরি ও বাজারে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।বাজারে মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য পুলিশ তাদের অনুরোধ করে। কিন্তু ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীরা তা না মেনে এক পর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোঁড়েন। এতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান, কনস্টেবল শফিক উল্যা ও জিসান আহমেদ আহত হয়।
একই দিন রাতে পুলিশের এসআই আনিছুজ্জামান বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আইকে



