ঢাকার নিউমার্কেট এলাকার জলাবদ্ধতা বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরও নিরসন করতে না পারায় চার কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (২৪ সেপ্টেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ডিএসসিসির চার কর্মকর্তা-কর্মচারী নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতি করেছেন। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চার কর্মকর্তা-কর্মচারী হলেন- ডিএসসিসির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় প্রায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণে সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন নিউমার্কেট, বংশাল, জুরাইন, মাতুয়াইল, মিরপুর-২, দক্ষিণখান, খিলক্ষেত, আশকোনাসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।



