বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বিরুদ্ধে বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে দ্রুত বিচার আইনে আদালতে মামলা (নাম্বার-সিআর-৪১/২৩) হয়েছে। গেল ১২ সেপ্টেম্বর সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেছেন উপজেলার বল্লভপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে মো. দিলু মিয়া।
মামলায় প্রধান আসামি করা হয়েছে একই গ্রামের তারই প্রতিবেশী, যুক্তরাজ্য প্রবাসী সাহিদ আলী উরফে সাইদ আলী (৬৫)সহ আরও গ্রামের আরও ৭জনকে। অভিযোগ আমলে নিয়ে ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে’ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি মোশাহিদ আলী।
মামলার অন্য আসামিরা হলেন, একই গ্রামের মৃত সহিদ আলীর ছেলে ইয়াজুল (২৮) ও কাচা মিয়া (৩৫), মৃত বাতির আলীর ছেলে নাসির মিয়া (৩২), মৃত আবদুল মতিনের ছেলে লায়েক মিয়া (২০), ছাবরু মিয়ার ছেলে নেছাওর আলী (৩৩), মৃত সফিক আলীর ছেলে বদরুল মিয়া (৩২)।
অভিযোগে প্রকাশ, সন্তানদের পড়ালেখার সুবাদে উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করছেন বাদী। গ্রামের বাড়িতে বসতঘর দেখাশুনায় লোক নিয়োজিত রেখে, নিজেও মাঝে মধ্যে যাতায়াত করেন। একই বাড়ির বাসিন্দা প্রতিবেশী সাহিদ আলী উরফে সাইদ আলী গংদের সাথে দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা-জমি ও সীমানা নিয়ে বিরোধ চলমান রয়েছে তার।
আদালতে চলমান একটি দেওয়ানি মামলায় রায়ও হয় বাদী মো. দিলু মিয়া পক্ষে। এরপর থেকেই তার উপর ক্ষিপ্ত হয় আসামিরা। তারা সরাসরি হুমকিও দেয় তাকে। ঘটনার দিন গেল ৫ সেপ্টেম্বর ২৩ইং রাত ৯টায় আসামিরা পূর্ব পরিকল্পনানুযায়ী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসত ঘর ভাংচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। লুটপাট করা হয় পানির পাম্প, বাড়ি সংস্কারের রড়, সিমেন্ট, কাঠসহ অন্যান্য জিনিসপত্র। যার মূল্য ৩ লাখ টাকা প্রায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত সাহিদ আলী উরফে সাইদ আলীর সাথে একাধিকবার যোগোযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাপেইজ/এএসএম



