ক্রীড়া ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ে ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দু’টি ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ উপলক্ষ্যে আজ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচকে ডু অর ডাই হিসেবে দেখছেন।
আজ সন্ধ্যায় টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের জামাল ভূইয়া বলেন, ‘আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদেরকে ম্যাচটি জিততে হবে। হংকং এখন সম্ভবত গ্রুপের শীর্ষে (সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে ৪ পয়েন্ট নিয়ে)। তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং দুই দলের সমান চার পয়েন্ট। গোল ব্যবধান সমান ১ হলেও বেশি গোল দেয়ায় সিঙ্গাপুর শীর্ষে আর হংকং দ্বিতীয় অবস্থানে।
বাংলাদেশ দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। ভারতের পয়েন্টও এক। তারা বেশি গোল হজম করায় টেবিলে সবার নিচে চতুর্থ স্থানে। গ্রুপের তিন দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছয় ম্যাচ খেলবে। ছয় ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপের মূল পর্বে খেলবে।
বাংলাপেইজ/এএসএম



