নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই নির্দেশনার কোনো প্রতিফলন নেই।
উল্টো খুচরা বিক্রেতাদের সিলিন্ডার কিনতেই খরচ পড়ছে ১ হাজার ৯০০ টাকা। ফলে গ্রাহকের কাছে তা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২১০০ টাকায়।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি।
একই সঙ্গে বাড়ে অটোগ্যাসের দামও। তবে মাঠপর্যায়ে গিয়ে দেখা যায়, পণ্যটি বিক্রিই হচ্ছে ২ হাজার ৫০ থেকে ২ হাজার ১০০ টাকায়। সরকারি দামের কোনো ছাপই নেই এলপিজির সিলিন্ডারে।
এদিন সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকার ওপরে। যদিও বাজারে খুব বেশি কোম্পানির সিলিন্ডারের সরবরাহ নেই। অধিকাংশ দোকানে ওমেরা ও বিএমের গ্যাস মিলছে।
মোহাম্মদপুরের এলপিজি ব্যবসায়ী আবদুস সবুর বলেন, ‘আমাদের ওমেরার সিলিন্ডার কেনাই পড়ছে ১ হাজার ৯৫০ টাকা। সেটা বিক্রি করছি ২ হাজার ১০০ টাকায়। আজ তো দাম বেড়েছে। সামনে কেনার খরচ আরও বাড়তে পারে।’
বাংলাপেইজ/এএসএম



