নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি (দেয়ালচিত্র) অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন কোনো নির্দেশনা দেননি বলে জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে রোববার (১৭ মে) এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে চসিক।
চসিক সূত্র জানায়, মেয়র ডা. শাহাদাত হোসেন বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করে আসছেন।
নগরের কোথাও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার জন্য তার পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে, নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত প্রক্রিয়ায় অবৈধ দেয়াললিখন, ব্যানার-পোস্টার ও ময়লা-আবর্জনা অপসারণে চসিকের অভিযান অব্যাহত রয়েছে।
সংস্থাটির দাবি, কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ ছিল না।
বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ ও আবেগঘন স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের প্রশ্নই আসে না। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে নগরবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।



