Home Blog Page 1636

শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন স্থগিত


শাবিপ্রবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারী সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
শুধু সিন্ডিকেট নির্বাচন নয়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের নির্বাচনও স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ছাদেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস।

করোনা: ‘হলুদ জোনে’ সিলেট

দেশে হঠাৎ করেই প্রাণঘাতী করোনার সংক্রমণ ও মৃত্যুর অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এমতাবস্থায় ঢাকা ও রাঙ্গামাটির পর আরও ১০ জেলাকে ‘রেড জোন’ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
লাল তালিকাভুক্ত নতুন জেলাগুলো হলো- গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়। করোনা সংক্রমণের মাত্রা বিবেচনায় লাল তালিকাভুক্ত এই জেলাগুলোতে সংক্রমণের হার কমপক্ষে ১০ শতাংশ।
এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে সিলেট জেলাসহ ৩২ জেলা। আর গ্রিন বা সবুজ জোনে রয়েছে ১৬ জেলা।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারি পর্যন্ত ৭ দিনে দেশজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৩৪ হাজার ৪০৫ জন, যা পূর্ববর্তী ৭দিনের (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) চেয়ে ২৩ হাজার ৯৩১ জন বেশি। এই সময়ে শতাংশ হিসেবে শনাক্ত বেড়েছে ২২৮ দশমিক ৪৮।
এছাড়া ১৬ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৫৭ জনের, যা পূর্ববর্তী সপ্তাহের (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) চেয়ে ৩৭ জন বেশি। এই সময়ে শতাংশ হিসেবে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ১৮ দশমিক ৪৮ শতাংশ আর রাজশাহীতে ১৪.৭৪ শতাংশ।

জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী আজ

সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।
দিনটি উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির এক ক্রান্তিকালে জিয়াউর রহমান এক ঐতিহাসিক যুগান্তকারী দায়িত্ব পালন করেন। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং তিনি যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। তিনি হন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মহান নেতা।
তিনি বলেন, মিথ্যা প্রতিশ্রুতির অপরাজনীতি দ্বারা জনগণকে প্রতারিত করে স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন মহল যখন মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছিল, দেশকে ঠেলে দিয়েছিল দুর্ভিক্ষের করাল গ্রাসে, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক খেতাবপ্রাপ্তির মতো জাতির এরকম এক চরম দুঃসময়ে ৭ই নভেম্বর সৈনিক- জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া ক্ষমতার হাল ধরেন। তার সুদক্ষ নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব শক্তিশালী হয় এবং স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হয়।
ফখরুল বলেন, শহীদ জিয়ার জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা স্বৈরাচারী অগণতান্ত্রিক শক্তির থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো।
আর এর জন্য সর্বশক্তি দিয়ে ‘গণতন্ত্রের মা’ গৃহবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা দেশনেত্রীর বিদেশে উন্নত চিকিৎসার জন্য জোর দাবি জানাচ্ছি।
জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ ১৯শে জানুয়ারি সকাল ১১টায় বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ, কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা। ২০শে জানুয়ারি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
জিয়াউর রহমানের ডাক নাম কমল। ১৯৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আবার আলোচনায় আসেন জিয়াউর রহমান। নানা পটপরিবর্তনের একপর্যায়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।

আমি জীবিত : তসলিমা নাসরিন

তসলিমা নাসরিনকে ফেসবুক কর্তৃপক্ষ মৃত দেখানোয় সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতে নির্বাসিত এ বাংলাদেশি লেখিকা। অপর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেকে জীবিত উল্লেখ করে একাধিক টুইটে আইডি ফেরত দিতে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে নির্বাসিত এই লেখিকার ভেরিফায়েড আইডিতে ঢুকে দেখা যায়, ফেসবুক কর্তৃপক্ষ তাকে মৃত হিসেবে দেখাচ্ছে। জীবিত থাকার পরও মৃত দেখানোয় ফেসবুকের প্রতি বেশ ক্ষুব্ধ হয়েছেন তসলিমা নাসরিন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক টুইট করেছেন তিনি। সেখানে ফেসবুকের প্রতি নিজের আইডি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক টুইটে ফেসবুককে মেনশন করে তিনি লিখেছেন, ‘আমি খুবই প্রাণবন্ত আছি। কিন্তু তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্ট স্মরণীয় করে দিয়েছ। কী দুঃসংবাদ! এটা কীভাবে করতে পারলে তোমরা? দয়া করে আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দাও।’

আরেক টুইটে তিনি বলেছেন, ফেসবুক আমাকে মেরে ফেলেছে। আমি জীবিত আছি। এমনকি আমি অসুস্থ কিংবা শয্যাশায়ী কিংবা হাসপাতালেও ভর্তি নই, কিন্তু ফেসবুক আমার অ্যাকাউন্ট স্মরণীয় করে রেখেছে। এর আগে, ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’ ট্যাগ যুক্ত করে বাংলাদেশি এই লেখিকার প্রোফাইলে ফেসবুক লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

সাধারণত কেউ মারা গেলে মৃত ব্যক্তির আইডি মুছে না দিয়ে স্মৃতি সংরক্ষণের জন্য আইডি ‘রিমেম্বারিং’ করে রাখে ফেসবুক কর্তৃপক্ষ। এতে তার প্রোফাইলে অন্য কেউ আর লগইন করতে পারেন না।

তবে মৃত কারও অ্যাকাউন্ট রিমেম্বারিং করার ক্ষেত্রে ফেসবুক বন্ধুদের এই লিংকে প্রবেশ করে একটি ফরম পূরণ করে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। যথাযথ প্রমাণ পাওয়ার পর সেই অ্যাকাউন্ট রিমেম্বারিং করে দেয় ফেসবুক। এর ফলে রিমেম্বারিং অ্যাকাউন্টে অন্য কেউ লগইন, এমনকি পাসওয়ার্ড হ্যাক করেও অ্যাকসেস নিতে পারবেন না।

দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা শিমুকে শ্বাসরোধে হত্যা

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর হত্যাকাণ্ড নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায় এ ঘটনায় শিমুর স্বামী নোবেলই জড়িত। পুলিশ জানায়, শিমু হত্যাকাণ্ডের তদন্তের শুরুতেই একটি প্লাস্টিকের দড়ির সূত্র ধরে রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। নিশ্চিত হওয়ার পরই শিমুর স্বামী শাখাওয়াত আলীম নোবেল (৪৮) ও তার বাল্যবন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে (৪৭) গ্রেফতার করে পুলিশ। তদন্তের সঙ্গে জড়িত পুলিশের একটি সূত্র জানায়, শিমুর লাশ উদ্ধারের পর প্রথমে তথ্যপ্রযুক্তির সাহায্যে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। একইসঙ্গে অভিনেত্রী শিমুর বাসায় গিয়েও তথ্যপ্রমাণ সংগ্রহ করে।

সূত্রমতে, বাসায় তল্লাশির এক পর্যায়ে শিমুর স্বামী নোবেলের গাড়িতে এক বান্ডেল দড়ি পাওয়া যায়। লাশ গুম করতে বস্তা দুটি যে প্লাস্টিকের দড়ি দিয়ে সেলাই করা হয়েছিল সেই দড়ির সঙ্গে এর মিল রয়েছে। গাড়িটি পানি দিয়ে পরিষ্কার করা ছিল এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো ছিল। ফলে পুলিশের সন্দেহ জোরদার হয় এবং তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শিমুর স্বামী নোবেলকে আটক করা হয়।

এরপর কেরানীগঞ্জ মডেল থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদে নোবেল ও তার বন্ধু ফরহাদ শিমুকে হত্যার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে শিমুর স্বামী পুলিশকে জানান, পারিবারিক কলহের জেরে তিনি শিমুকে হত্যা করেছেন। ১৬ জানুয়ারি (রোববার) সকাল ৭টা-৮টার দিকে তিনি শিমুকে গলাটিপে হত্যা করেন। এরপর ফরহাদকে মুঠোফোনে কল করে ডেকে নেন। পরে ফরহাদ ও নোবেল পরিকল্পনা করে বাইরে থেকে বস্তা এনে শিমুর লাশ দুটি পাটের বস্তায় ভরেন। এরপর প্লাস্টিকের দড়ি দিয়ে বস্তা দুটি সেলাই করেন। তারপর তারা বাড়ির দারোয়ানকে নাশতা আনতে বাইরে পাঠিয়ে নোবেলের ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে শিমুর লাশ নিয়ে বেরিয়ে পড়েন।

প্রথমে নোবেল ও ফরহাদ গাড়ি নিয়ে মিরপুরের দিকে গিয়েছিলেন। কিন্তু সেখানে লাশ গুমের উপযুক্ত পরিবেশ না পেয়ে তারা আবার বাসায় ফেরেন। পরে ওই দিন সন্ধ্যায় আবার তারা লাশ গুম করতে রাজধানীর মোহাম্মদপুর বছিলা ব্রিজ হয়ে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের দিকে যান। সেখানে রাত সাড়ে নয়টার দিকে কদমতলী এলাকার আলীপুর ব্রিজের ৩০০ গজ দূরে সড়কের পাশে ঝোঁপের ভেতর লাশটি ফেলে দেন।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোবেল তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ গুমের সহযোগিতার জন্য বন্ধু ফরহাদকে ডেকেছিলেন তিনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় শিমুর স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু ফরহাদকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার বিকেলে নোবেল ও ফরহাদকে আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের দুই জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চলচ্চিত্র অভিনেত্রী শিমু ১৯৯৮ সালে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা গেছে তাকে। প্রথম সারির অনেক পরিচালকদের সিনেমায় অভিনয় করেন শিমু। গত কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। স্বামী ও দুই সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিনরোড এলাকার একটি বাসায় থাকতেন। সিনেমার পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করতেন শিমু। সাম্প্রতিক সময়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি। ২৩টির মতো সিনেমায় অভিনয় করেছেন শিমু। ৫০টিরও বেশি নাটকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি।

রোববার তিনি হঠাৎ নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় তার স্বামী নিজেই কলাবাগান থানায় একটি জিডি করেন। পরদিন সোমবার কেরানীগঞ্জ থেকে শিমুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিশ্বনাথে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ও নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্বিক সহযোগিতায় সাত শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান এবং প্রায় ত্রিশ হাজার টাকা মূল্যের ঔষধ ফ্র্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের আল-আজম উচ্চ বিদ্যালয় ও কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ওই এলাকার রোগিদেরকে এই সেবা প্রদান করা হয়। নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৮জনের একটি মেডিক্যাল টিম এই সেবা প্রদান করে।
বিভিন্ন সময়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমডি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, স্থানীয় ইউপি সদস্য আবুল খয়ের, সাংবাদিক তজম্মুল আলী রাজু ও জামাল মিয়া।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নূরের নেতৃত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন সহসভাপতি রাহী বিন কামাল, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র দেব শুভ, মাজহারুল ইসলাম সাব্বির, সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ, সহসাংগঠনিক সম্পাদক মাহি আহমেদ, বাপ্পি মালাকার, অর্থ সম্পাদক জাহিদুর রহমান নাবিল, রক্ত বিষয়ক সম্পাদক শাহীন আলম, সহরক্ত বিষয়ক সম্পাদক শেখ নজির আহমেদ, প্রচার সম্পাদক আল-আমিন সাইদ, সহপ্রচার সম্পাদক আবদুল বাছিত, অফিস সম্পাদক মাহিম শেখ, আইন বিষয়ক সম্পাদক শেখ সামাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রিপন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিফাত আল রাফি, সদস্য এমরান আহমেদ রাজু, ইয়াছিন আরাফাত, আবদুল সুয়েব, রায়হান আহমেদ, কয়েস আহমেদ, রাসেল, মাহমুদুল হাসান সাইম, হাবিবা বেগম ও হালিমা বেগম।
সহযোগিতা করেন বিশ্বনাথ সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্য আশরাফুর ইসলাম জনি, আকিল আহমেদ, রাইয়ান আহমেদ, জাহেদ আহমেদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্য মাজহারুল ইসলাম পাবেল, তারেক জামিল ও সোহাগ আহমেদ প্রমুখ।

ব্রিটেনে আইসোলেশনের নিয়ম বাতিলের পরিকল্পনা

করোনাভাইরাসে আক্রান্ত হলেও থাকতে হবে না আইসোলেশনে। এমনকি আইসোলেশনে না থাকার জন্য পড়তে হবে না কোনো ধরনের শাস্তির মুখেও। করোনা মহামারির মধ্যে নিউ নরমালে পরিণত হওয়া এই নিয়মটিই বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে সোমবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রোববার প্রকাশিত দ্য টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে সরকার এমন আইন আনার কাজ করছে, যেখানে করোনায় আক্রান্ত হলেও সংশ্লিষ্ট রোগী আইসোলেশনে থাকতে আইনত বাধ্য থাকবেন না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হলে সেলফ আইসোলেশনের নিয়মসহ করোনা সংক্রান্ত জরুরি আইনগুলো স্থায়ীভাবে তুলে দিতে চাইছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনে করোনার সংক্রমণ কমার গ্রাফ অব্যাহত থাকায় এই পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদমাধ্যমটি বলছে, করোনা সংক্রান্ত আনুষ্ঠানিক নীতি বা নির্দেশনা জারি থাকবে, তবে সেটি অবহেলা বা না মানার কারণে কাউকে জরিমানা বা আইনি ভাবে শাস্তির মুখে পড়তে হবে না। আগামী কয়েক সপ্তাহে নতুন এই নিয়ম নিয়ে দেশটিতে কাজ শুরু হতে পারে। এবং আগামী বসন্তের শুরুতেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ দেশটিতে করোনা রোগীদের আইসোলেশনের মেয়াদ ৭ দিন থেকে কমিয়ে পাঁচদিন নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববার যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৭১ হাজার মানুষ এবং মারা গেছেন ৮৮ জন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ১৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৫২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থান ওপরের দিকেই।

যৌন নির্যাতনের ভয়ানক তথ্য জানালেন আশরাফ গনির নারী মন্ত্রী

গত বছর আশরাফ গনিকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই ঘটনার প্রায় ছয় মাস পর সাবেক মন্ত্রিসভার নারী মন্ত্রী নার্গিস নেহান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার সহযোগীদের দুঃশাসনের বিষয়ে মুখ খুলেছেন। নার্গিস নেহান বেশ কিছু চমক জাগানিয়া তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্যের মধ্যে রয়েছে গনির খুব কাছের একজন উচ্চপদস্থ কর্মকর্তার যৌন হয়রানির কথা। রয়েছে প্রেসিডেন্টের বাসভবনে ঘটা যৌন নির্যাতনের কথা।

নার্গিস নেহান সাদ মোহাম্মদ নামে গনির এক খুব কাছের পরামর্শকের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। সাদ মোহাম্মদ সম্পর্কে নার্গিজ জানান, তিনি একজন শিয়া তরুণীকে নিজের স্ত্রী থাকা অবস্থাতেও বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ওই নারী রাজী না হওয়ায় তাকে ইরানের গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে চাকরিচ্যুত করার চেস্টা করেন। সবচেয়ে অবাক করা যে তথ্য নার্গিস জানিয়েছেন তা হলো, আশরাফ গনি সাদ মোহাম্মদের কথায় ওই নারীকে অব্যহতি দিয়েছিলেন। কিন্তু নার্গিস নিজে চেস্টা করে ওই তরুণীকে অন্য বিভাগে বদলি করে দেন, যেন তার কোনো ক্ষতি না হয়।

নার্গিস আরেকটি ঘটনা সম্পর্কে জানান, সেটি হলো প্রেসিডেন্টের বাসভবনে যৌন নির্যাতনের বিষয়ে কথা বলতে তিনিসহ মোট ৪৫ জন নারী গনির সঙ্গে দেখা করেন। কিন্তু তাদের কথাকে কোনো পাত্তা দেননি তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। নার্গিসের দাবি, সাদ মোহাম্মদ ও তার সহযোগীদের বাঁচাতেই গনি এমনটি করেছিলেন। তাছাড়া বেশ কয়েকজন দুর্নীতিবাজের নামও প্রকাশ করেছেন নেহান। তিনি জানান, হুমায়ুন কওমি, মোহাম্মদ হানিফ ও ইলহাম গুল ছিলেন শীর্ষ দুর্নীতিবাজ। যারা সবাই প্রেসিডেন্টের ছত্রছায়ায় ছিলেন।

সূত্র: দ্য খামা প্রেস

নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে মরদেহটি পাওয়া যায়। এরপর কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি রমজানুল হক। তিনি বলেন, ‘নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ আজ (সোমবার) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের আলিপুর নামক স্থানে একটি ব্রিজের নিচে থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। মরদহের গলায় একটি দাগও রয়েছে। মরদেহটি উদ্ধার করে আমরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। শিমু নিখোঁজ হওয়ার এ বিষয়ে কলাবাগান থানায় একটি জিডি হয়েছিল।’

এদিকে ঢাকাই সিনেমার আরেক নায়িকা সাদিয়া মির্জা জানিয়েছেন, গত রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে শিমু নিখোঁজ ছিলেন। একদিন পর সোমবার তার মরদেহ পাওয়া গেছে। শিমু ১৯৯৮ সালে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা গেছে তাকে। প্রথম সারির পরিচালকদের সিনেমায় অভিনয় করেছিলেন শিমু। গত কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন।

ফের উত্তাল শাবি, শিক্ষার্থীদের ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা


স্টাফ রিপোর্ট:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবং ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় জড়ো হয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তারা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবন ঘেরাও রেখেছেন। তাদের অপর একটি গ্রুপ ফটকে অবস্থান নিয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে আন্দোলনকারীরা উপাচার্যের (ভিসি) কার্যালয়, প্রশাসনিক ভবন ও প্রত্যেকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল নিয়ে এসে বেলা আড়াইটার দিকে ভিসির কার্যালয়সহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের পদত্যাগে দাবিতে তাদের স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন জানান, ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মদতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা করেছে, তাই তার পদত্যাগ চাই। এছাড়া প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদত্যাগও দাবি করেন। হামলার বিচার দাবি করেন। এছাড়া ক্যাম্পাস বন্ধ ও আজ বলা ১২টার মধ্যে হল ছাড়ার ঘোষণা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে কিছু কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়।
এদিকে গত রোববার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং ফটক অবরোধ করে রাখেন। পরবর্তীতে রাত ১১টার দিকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ।
এদিকে রোববার পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ রোববার রাতে জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, রোববার ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য পুলিশ আন্দোলনকারীদের উপর হামলা চালালে সংঘর্ষ বাঁধে। শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে শিক্ষক, শিক্ষার্থী, পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের পর জরুরী সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন।
জানা যায়, রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের দ্বারা ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের অবরুদ্ধ ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে পুলিশ ও শিক্ষকবৃন্দ মুক্ত করতে গেলে এই সংঘর্ষ হয়। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।