Home Blog Page 2

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব : বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। আমরা তিনটির মতো নতুন উইং চালু করেছি। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে যেগুলো আগে ছিল না।

তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে কাজের সুবিধার্থে এবং গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, সে অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে আমরা কাজ করব।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থায় বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, তার সিদ্ধান্ত নেবে সরকার নিজেই। আর এ ধরনের যেকোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী আসছে, তা দেখে আমাদের প্রভাবিত হওয়ার সুযোগ নেই।

রো‌হিঙ্গা‌ প্রত্যাবাস‌নে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর এক‌টি হোটেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬ : অংশীদারিত্ব, স্বীকৃতি ও প্রতিশ্রুতির এক সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের নয় বছর পূর্তি এবং শরণার্থী সংকটের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তি‌নি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে।

হুমায়ুন ক‌বির ব‌লেন, পাশাপাশি তৃতীয় দেশে পুনর্বাসন এবং রোহিঙ্গাদের জন্য অন্যান্য দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে এই দীর্ঘস্থায়ী সংকটের বোঝা বহনে সহায়তা করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই একটি বিস্তৃত সংকটে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার রোহিঙ্গা সংকটের সমাধানকে আমাদের বৈদেশিক নীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

তি‌নি ব‌লেন, আমরা কেবল মানবিক সহায়তার মাধ্যমে এই সংকট পরিচালনা করতে চাই না, বরং রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধান অর্জনে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রীঅপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

চিকিৎসকের ওপর হামলার ঘটনার হালনাগাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনায় জড়িত সাতজনের অপরাধী চক্রটির মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর গত সোমবার (১৭ আগস্ট) হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ওই চিকিৎসক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‌্যাংকিংয়ে বড় লাফ হাসান-তানজিদের

স্পোর্টস ডেস্ক: ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারানোর পেছনে বড় অবদান টাইগার পেসার হাসান মাহমুদ ও ওপেনার তানজিদ হাসান তামিমের।

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হাসান। আর তানজিদ তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। এবার আইসিসি থেকে সুখবর পেলেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার। র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তারা।

বোলারদের র‌্যাংকিংয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। বর্তমানে তিনি অবস্থান করছেন ৩৮ নম্বরে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫০৩। বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। তিন ধাপ এগিয়ে রয়েছেন ২৪ নম্বরে। এছাড়া তাসকিন এক ধাপ ও এবাদত চার ধাপ এগিয়েছেন।

ব্যাটারদের র‌্যাংকিয়েও এসেছে পরিবর্তন। নয় ধাপ এগিয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পাঁচ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। তার বর্তমান অবস্থান ৩১ নম্বরে।

সবচেয়ে বড় লাফটা দিয়েছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির দেখা এই বাংলাদেশি ওপেনার এগিয়েছেন ৮৪ ধাপ। বর্তমানে রয়েছেন ৮৯ নম্বরে। এছাড়া ব্যাটারদের র‌্যাংকিংয়ে মিরাজ পাঁচ ধাপ ও সাদমান তিন ধাপ এগিয়েছেন।

ডারউইনে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অজি ব্যাটার ক্যামেরন গ্রিন। আর প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন স্টিভেন স্মিথ। তারা দুজনও সুখবর পেয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন গ্রিন। আর এক ধাপ এগিয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন স্টিভেন স্মিথ।

টেস্টে ব্যাটারদের র‌্যাংকিংয়ে সবার ওপরে অবস্থান হ্যারি ব্রুকের। দুই নম্বরে আছেন আরেক ইংলিশ ব্যাটার জো রুট। তারা দুজনই এক ধাপ করে এগিয়েছেন। আর তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন ট্রাভিস হেড। বোলারদের সেরা তিনে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষে অবস্থান জাস্প্রিত বুমরাহর।

নিষেধাজ্ঞা কাটিয়ে একদিনেই কম বাজেটের দল গড়ল আবাহনী

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা আবাহনীর দল গঠন নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। একে তো ফিফা নিষেধাজ্ঞা, তার ওপর ফুটবলারদের সঙ্গে হয়নি চূড়ান্ত কোনো কথা। তবে ৪৮ ঘণ্টার মধ্যেই বদলে গেছে দৃশ্যপট।

পরশু রাতে উঠে গেছে ফিফার নিষেধাজ্ঞা। আর গতকাল রাতে বিশের অধিক ফুটবলারদের সঙ্গে কথা পাকাপাকিও করেছে ঢাকা আবাহনী।

প্রায় দুই দশক ধরে আবাহনীর দল গঠনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে আসছেন ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারেও তিনি বড় ভূমিকা রেখেছেন। এরপরই আকস্মিকভাবে তাকে পর্দার আড়ালে নেন ক্লাবের নীতি-নির্ধারকরা। এই পরিস্থিতিতে গত দুই মৌসুমে আবাহনীর হয়ে কোচিং করানো মারুফুল হক ফুটবলারদের তালিকা তৈরি করেন। বিশ্ব জুড়ে কোচের চাহিদা অনুযায়ীই দল হয়। তবে বাংলাদেশের সংস্কৃতিতে কর্মকর্তারা খেলোয়াড়দের নেয়ার পর কোচদের চূড়ান্ত করেন। ফলে অনেক সময় কোচের কৌশল-পরিকল্পনার সঙ্গে আপোস করতে হয়।

মারুফুল হক দেশের অন্যতম সেরা কোচ। এবার আবাহনীর দল গঠনেও খানিকটা ভূমিকা রাখলেন। এ নিয়ে তিনি বলেন, ‌‘ফুটবলার রিক্রুমেন্ট তো কোচের স্বাভাবিক কাজের অংশ। এটি আগে হয়নি, সেটাই বরং অস্বাভাবিকতা। এখানে সংগঠক হয়ে যাওয়ার কিছু নেই।’

আবাহনীতে গতবার হাসান মুরাদ, বাবলু, আল আমিন, মোরসালিনরা ছিলেন। তাদের প্রায় সবাইকে ধরে রেখেছে আবাহনী। যারা গত মৌসুমে অনেক সম্মানী পেয়েছিলেন, তারা এবার কিছুটা কমে ক্লাবের স্বার্থে খেলছেন।

জাতীয় দলে ১৫ ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়া ফরোয়ার্ড আল আমিন এবারও আবাহনীতে। দুঃসময় পার করা এই ফুটবলার বলেন, ‘ক্লাবের ফুটবল নিয়েই পূর্ণ মনোযোগ। গতবারের চেয়ে এবার একটু কমে খেলছি, ক্লাবের স্বার্থ বিবেচনায়।’

মোহামেডান এবার বড় বাজেটের দল গড়েছে। বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞায় থাকলেও তপু-রাকিবের মতো তারকা ফুটবলারদের দলে রেখেছে। আবাহনীতে খানিকটা কম পারিশ্রমিকে খেললেও কিংস ও মোহামেডানে না যাওয়ার কারণ সম্পর্কে আল আমিন বলেন, ‘মোহামেডানে আমার পজিশনে খেলোয়াড় রয়েছে। কিংসে আলোচনা হলেও বনিবনা শেষ পর্যন্ত হয়নি।’

আবাহনীর ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও বিদেশি ফুটবলারদের বকেয়া রয়েছে। সেই বকেয়া নতুন চুক্তি অনুযায়ী শোধ না করলে আবার নিষেধাজ্ঞার মধ্যে পড়ার শঙ্কা রয়েছে। তাই আবাহনী চলতি মৌসুমে কিছুটা কম বাজেটের মধ্যেই দল গড়েছে। এরপরও বিদেশি খেলোয়াড় নিয়েই মাঠে নামার পরিকল্পনা কোচের। তিনি বলেন, ‘তেসরা সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। বিদেশি ফুটবলার নেওয়ার ভাবনা রয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

আবাহনীর নির্ভরতার প্রতীক গোলরক্ষক মিতুল মারমা। তিনি এখনও আকাশি জার্সিতে স্বাক্ষর করেননি। এ নিয়ে মিতুলের বক্তব্য, ‘আমার সঙ্গে আলোচনা চলছে। কিছু বিষয় রয়েছে, সেগুলো ফাইনাল হলে আজকের মধ্যে সিদ্ধান্ত নেব।’

ফর্টিজ ও পুলিশ এএফসি টুর্নামেন্ট খেলায় তারা অনেক আগে থেকে ক্যাম্প শুরু করেছে। অন্য ক্লাবগুলো এখনও ক্যাম্পই শুরু হয়নি। ফলে ২৫ আগস্ট ফেডারেশন কাপ ও ২৮ আগস্ট লিগ শুরু হওয়া বাস্তবিক অর্থে সম্ভব নয়। এরপরও আবাহনীর পরিকল্পনা রয়েছে দ্রুতই অনুশীলন শুরু করা।

সৌদির তেলবাহী ৮ জাহাজে হামলার দাবি ইয়েমেনের বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক: জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের তেলবাহী ৮টি ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) বিদ্রোহীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সাবা নিউজ।

জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরের বাব এল মান্দেবে সৌদির পণ্যবাহী জাহাজে অবরোধ আরোপের ঘোষণা দেয় ইরান সমর্থিত হুতি বাহিনী।

বার্তাসংস্থা সাবা হুতিদের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, “গত ২০ জুলাই থেকে আমরা সৌদির ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছি। এরমধ্যে ৫টি লোহিত সাগরে। আর ৩টি এডেন ও আরব সাগরে। এছাড়া সৌদির ৫০টির বেশি জাহাজকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলে বাধা দেওয়া হয়েছে। এসব জাহাজকে তাদের গতিপথ বদলেও বাধ্য করা হয়েছে।”

এছাড়া মোখা বন্দরে দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে হুতিরা। তারা বলেছে, এসব জাহাজে সৌদি থেকে আসা অস্ত্র ছিল। এরসঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকেও টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে হুতিরা। কিন্তু তারা এসব দাবির পক্ষে কোনো প্রমান দেয়নি।

লোহিত সাগরের বাব এল মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। ইরান যখন হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তখন সৌদি বাব এল মান্দেব দিয়ে তাদের তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছিল। এছাড়া অন্যান্য দেশের জাহাজও এখান দিয়ে চলে।

লোহিত সাগরের অপরপ্রান্তে আছে মিসরের বিখ্যাত সুয়েজ খাল। হুতিরা অবরোধ আরোপের পর সৌদির জাহাজগুলো এখন সুয়েজ খাল দিয়ে চলাচল করছে।

সূত্র: সিএনএন

১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ইউরিয়া সার সরবরাহ চুক্তি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ড্রাইভিং সিমুলেটর কেনাসহ একাধিক প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের ইউরিয়া সার আমদানি সংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় ব্যবস্থার আওতায় এ চুক্তি সম্পাদিত হবে।

এ ছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব সিমুলেটর সংগ্রহ করা হবে। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের জন্যও একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

এর আওতায় প্রকল্পটির সাধারণ ঠিকাদার জাপানের এমএইচআইয়ের কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়া হবে, যাতে কারখানাটির দৈনন্দিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যায়।

এ জন্য টেকনিক্যাল সার্ভিস (দ্বিতীয় ধাপ) চুক্তির আওতায় একক উৎস নির্বাচন পদ্ধতিতে পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল জাতীয় স্বার্থে এবং জরুরি পরিস্থিতিতে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে এ প্রস্তাব উপস্থাপন করে।

কমিটির সিদ্ধান্তগুলো সার ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন বিএনপির সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য রাখেন সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অপরিহার্য-এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে মির্জা ফখরুল ইসলাম দলের সঙ্গে সম্পৃক্ত।

দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনো হাল ছাড়েননি, তাকে কারাবন্দিও করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে আমাকে (তারেক রহমান) দেশের বাইরে থাকতে হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। বিশেষ করে সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতির নির্বাচনে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটাভোটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীতি প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর প্রার্থী হয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটারের সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য। সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভা কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হয়েছিল। ওই সময়ে বিএনপির প্রার্থী হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।

১১তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করে ১১তম রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। তিনি ভোট পেয়েছিলেন ১৭২ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপির নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদল?

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পরেই বিএনপির দলীয় কাঠামো, মন্ত্রিসভা এবং সংসদীয় রাজনীতিতেও পরিবর্তন আসতে পারে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ছেড়ে দেওয়া দলীয় ও সরকারি দায়িত্বে কে আসছেন, তা নিয়ে ইতোমধ্যে বিএনপি এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্রের দাবি, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই বিএনপির সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া দৃশ্যমান হতে পারে। একই সময়ে মন্ত্রিসভায়ও সীমিত পরিসরে রদবদল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনা রয়েছে। তবে এসব পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই নির্ভর করছে।

ভারপ্রাপ্ত মহাসচিব নিয়ে রিজভীকে ঘিরে আলোচনা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদটি শূন্য হবে। এই পদে তাৎক্ষণিকভাবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে দলের ভেতরে একাধিক নাম আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সদ্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য হওয়া রুহুল কবির রিজভীর নাম।

বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় কার্যালয় পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন রিজভী। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

ফলে অন্তর্বর্তী সময়ে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে বড় ধরনের ছন্দপতন হবে না-এমনটাই মনে করছেন দলের একাংশের নেতারা।

তবে স্থায়ীভাবে পরবর্তী মহাসচিব কে হবেন, সেই প্রশ্নে আলোচনার পরিধি আরও বড়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও ডা. এজেড এম জাহিদ হোসেনের নাম এ ক্ষেত্রে আলোচনায় রয়েছে। দলীয় পুনর্গঠনের পর আগামী কাউন্সিলে মহাসচিব পদে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও আলোচনা রয়েছে।

রিজভীকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান তাদের কাজ করার জন্য নতুন করে স্থায়ী কমিটিতে যুক্ত করেছেন। এ জন্য তিনি দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের ও দলের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব পদেও পরিবর্তনের আভাস

মহাসচিব পদে পরিবর্তনের পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদেও পরিবর্তনের আলোচনা রয়েছে। বর্তমানে যুগ্ম মহাসচিব হিসেবে থাকা হাবিব উন নবী খান সোহেল ও আব্দুস সালাম আজাদের নাম এ পদে আলোচনায় রয়েছে।

একই সঙ্গে দপ্তর সম্পাদক পদেও নতুন মুখ আনার আলোচনা রয়েছে। এ পদে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মুনির হোসেন, আবদুল লতিফ জনি এবং এবিএম মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনকে ঘিরেই সরকারের ভেতরে সবচেয়ে বেশি আলোচনা চলছে।

সরকারের উচ্চপদস্থ দু’জন কর্মকর্তা জানান, মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সরকারের ছয় মাসের কাজ পর্যালোচনা করে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে, রাষ্ট্রপতির শপথের আগে বড় ধরনের মন্ত্রিসভা রদবদলের সম্ভাবনা কম।

দলীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সালাহউদ্দিন আহমদের নাম। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই নেতাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও সামনে আসতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্ভাব্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। পাশাপাশি ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের নামও আলোচনায় রয়েছে।

আরও কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের আলোচনা

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের আলোচনায় শুধু স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই নয়, পররাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ কয়েকটি মন্ত্রণালয়ের নামও রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম আলোচনায় রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়েও পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। বর্তমান প্রতিমন্ত্রী এম এ মুহিতকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, জয়নুল আবদিন ফারুক, শামসুজ্জামান দুদুসহ আরও কয়েকজন নেতা। কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নামও মন্ত্রিসভায় সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছে।

শরিকদেরও মন্ত্রিসভায় জায়গা দেওয়ার সম্ভাবনা

বিএনপির সঙ্গে দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে থাকা মিত্র ও শরিক দলগুলোর কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ ক্ষেত্রে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নাম আলোচনা রয়েছে।

গত ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি ও তাদের মিত্র-শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে দেশের সামগ্রিক পুনর্গঠন প্রক্রিয়ায় শরিকদের সহযোগিতা কামনা করা হয়। সেই প্রেক্ষাপটে মন্ত্রিসভায় শরিকদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা পেয়েছে।

সংসদ উপনেতা নিয়েও হিসাব

রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনও শূন্য হবে। ফলে সেখানে উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তার পরিবারের সদস্যদের নাম নিয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

একই সঙ্গে সংসদ উপনেতা কে হবেন, সেটিও পরবর্তী সংসদ অধিবেশনে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পদে বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, পুনর্গঠন বা রদবদল দল ও সরকারের ক্ষেত্রে রুটিন ওয়ার্ক। প্রয়োজনের তাগিদেই পুনর্গঠন বা রদবদল করা হয়। সরকারপ্রধান প্রয়োজনীয়তা অনুভব করলে তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে সে ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তদের কার্যসম্পাদনের মূল্যায়নও বিবেচনায় নেওয়া হয়।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ, শপথ শুক্রবার : চিফ হুইপ

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে আয়োজন করা হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর আমরা বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবো। দুপুর ২টা থেকে ভোট শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন ও সংসদ উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচন শুরুর ৫ মিনিট আগে ভোটের লাইভ টেলিকাস্ট শুরু হবে।’

চিফ হুইপ বলেন, ‘রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং আমাদের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ভোট দেওয়া সরাসরি সম্প্রচার করা হবে।’

তিনি আরও জানান, তাদের ভোট দেওয়া শেষ হলে পরের পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আমরা আবারও লাইভ টেলিকাস্ট শুরু করব। এরপর ফলাফল ঘোষণাটিও সরাসরি দেখাব। আগামীকাল ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ তৈরি হবে। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।’

নুরুল ইসলাম মনি বলেন, ‘আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ নেবেন।’

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা শুরু হবে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘তারেক রহমান আমাদের নেতা, তার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই সংগ্রামের ফলশ্রুতিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই।’

চিফ হুইপ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোটগ্রহণ হয়, এদেশের মানুষ সেটা আবারও প্রত্যক্ষ করবে দেশের মানুষ। এর মাধ্যমে আমরা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করব।’

ব্রিফিংয়ে হুইপ রুহুল কুদ্দস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছ, সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, খন্দকার আবু আশফাক, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভার কার্যক্রম শুরু হয়। শেষ হয় ৪টা ৪০ মিনিটে।

সংসদীয় দলের এই বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটাভুটি হতে যাচ্ছে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর প্রার্থী হলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোট মনোনীত কর্নেল (অব.) অলি আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন ৩৪৯ জন সংসদ সদস্য।

১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময়ে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।

নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। তিনি পেয়েছিলেন ১৭২ ভোট।