Home Blog Page 3

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সেজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল। চতুর্থ দিন সকালে তারা বড় ধাক্কা খেল। প্রথম ঘণ্টাতেই তাদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ক্যামেরন গ্রিনের সঙ্গে এদিন বেশিক্ষণ টিকতে পারেননি অ্যালেক্স ক্যারি ও বেউ ওয়েবস্টার।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করেছিল অজিরা। দিনের সপ্তম ওভারে তারা পঞ্চম উইকেট হারায়। অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ।

ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন।

ক্রিজে হাফ সেঞ্চুরিতে অপরাজিত গ্রিনের সঙ্গে ক্রিজে থাকতে পারেননি বেউ ওয়েবস্টার। মিরাজ তাকে ৫ রানে বোল্ড করেন। ১০৯ বলে ২ চারে ফিফটি করা গ্রিনকে সঙ্গ দিচ্ছেন প্যাট কামিন্স। গত জুলাইয়ে ক্যারিবিয়ান সফরের পর প্রথমবার পঞ্চাশ ছুঁলেন গ্রিন, ১৩ ইনিংসে প্রথম।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতো ভরাডুবি দেখেনি অস্ট্রেলিয়া।

বাংলাদেশ প্রায় দুই সেশনে চার উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু তৃতীয় দিন শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা লড়াইয়ের মানসিকতা ফিরিয়ে আনছিল।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। তানজিদ হাসানের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজের ফিফটিতে তারা শক্ত অবস্থানে থেকে ইনিংস শেষ করে। শনিবার তৃতীয় দিনের খেলায় বাংলাদেশ লাঞ্চের পরপর অলআউট হয়। এদিন চার উইকেট হাতে নিয়ে নেমেছিল সফরকারীরা। চারটি উইকেটই নেন জশ হ্যাজলউড। এই অস্ট্রেলিয়ান পেসার ৬ উইকেট নেন।

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: যা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।

একইসঙ্গে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এ তথ্য জানান।

এতে বলা হয়, সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের ওপর জামাত-শিবির ও এনসিপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে এবং মাননীয় এমপি মহোদয়ের গাড়ি ভাঙচুর করে।

ছাত্র রাজনীতি থেকে তিল তিল করে গড়ে ওঠা আপাদমস্তক একজন সংসদ সদস্যের ওপর এমন ঘৃণ্য, ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াত-শিবির ও এনসিপির অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা ও সেক্রেটারি এস এম মুনসুর আলী এক যৌথ বিবৃতিতে বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো প্রমাণ ছাড়াই জামায়াত-শিবিরকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন, এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগেরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় এনসিপিকে দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখা। দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হযরত আলী উসমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই এনসিপিকে দায়ী করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়ী করা সমীচীন নয়। এনসিপি কোনো ধরনের সন্ত্রাস, হামলা, সহিংসতা কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির রাজনীতিতে বিশ্বাস করে না।

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য ছয় মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলে ঘোষণা দিয়েছেন।

বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দরিদ্র-অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে ৬ মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার ভাষ্যমতে, কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা যদি ৬ মাসের মধ্যে জ্বালানি সমস্যার সমাধান করতে পারে, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি।

সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতেই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য ছয় মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি।’

তিনি লেখেন, ‘চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল যে সমাধান ইতোমধ্যেই টেবিলে আছে। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প (৩০ দিন), মধ্য (৬–১৮ মাস) ও দীর্ঘমেয়াদি নিয়ে মোট ১৫ দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন। আমি ধাপে ধাপে দেখিয়েছি কোন সিদ্ধান্তটি কোথায় ভুল হয়েছে। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে সুস্পষ্ট সমাধানধর্মী বক্তব্য রেখেছেন বিরোধীদলীয় সদস্যরা।মতামত এসেছে নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকেও। এসব ছাপা হয়েছে জাতীয় দৈনিকে, আলোচিত হয়েছে সেমিনারে। প্রধানমন্ত্রীর ডাউস সাইজের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা।’

তিনি আরও লেখেন, ‌‘মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে ৬২ জনের সভাসদ। এর একজনও নাগরিক মতামত বা বিরোধী দলের প্রস্তাবনা পড়ে দেখেননি, গণতান্ত্রিক চর্চায় এর চেয়ে খারাপ উদাহরণ কম আছে। প্রশ্নটা আর নীতির নয়, প্রশ্নটা এখন এই টিমের কার্যকারিতা ও যোগ্যতার। এনসিপির দেওয়া ৩০ দিনের জন্য ৫টি, মধ্যমেয়াদি (৬-১৮ মাস) ৬টি এবং দীর্ঘমেয়াদে ৪টি সুস্পষ্ট সমাধান প্রস্তাব পড়ে নিন প্লিজ, প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সংকটের সমাধান আলোচনা করতে বিরোধীদল থেকে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধেও সাড়া দিন। আমরা সরকারের এমন ইগ্নোরেন্সকে খুবই হতাশার চোখে দেখি এবং প্রধানমন্ত্রীর বিশালাকার টিমের সক্ষমতা যোগ্যতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলি।’

বিরোধী দলীয় এই সংসদ সদস্য লেখেন, ‘ছয় মাসে প্রশাসনে যে হারে দলীয় পদায়ন হয়েছে। তাতে ইনস্টিটিউশনাল মেমরি বলে কিছু অবশিষ্ট নেই। ফলে ফুয়েল প্ল্যান নেই, কন্টিনজেন্সি প্ল্যান নেই, ডিজাস্টার রিকভারি প্ল্যান নেই। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ আসে, আর ক্যাপাসিটি চার্জ অক্ষত। সচিবালয়ে যারা এসেছেন তারা নতুন, অনভিজ্ঞ, এবং লবি গ্রুপের পরামর্শে চলছেন। মহেশখালী FSRU-তে আগুন লাগার পর রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল কি না, সেই স্বাধীন তদন্ত প্রতিবেদনটি আজও প্রকাশিত হয়নি। নাশকতা নাকি অবহেলা, সরকার নিজেই জানে না।’

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ আমরা একটি সুনির্দিষ্ট দাবি জানাচ্ছি। সরকার বলছে ডলার ও বকেয়ার কারণে বিদ্যুৎ-জ্বালানি কেনা যাচ্ছে না। দেশের অধিকাংশ ভারী শিল্প বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ হয়ে পড়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ এখনো বাস্তবায়ন করছেন না কেন? এই কাঠামোয় বেসরকারি উৎপাদক সরাসরি বড় শিল্প ভোক্তার কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারে, দর দুই পক্ষ ঠিক করে, বিইআরসি কেবল অবহিত থাকে, উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে যায়। রাষ্ট্রীয় কোষাগার থেকে এক টাকাও লাগে না। বাকি কাজ কেবল SLA ফরম্যাট ও হুইলিং চার্জ চূড়ান্ত করা ,যা কয়েক সপ্তাহের প্রশাসনিক কাজ, রকেট সায়েন্স নয়।’

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি। আপনারা সেটা পড়ার দরকার মনে করেননি কিংবা আপনার কাছে পৌঁছানো হয়নি। তথাপি, ছয় মাসের হিসাবটা আমরা মেনে নিলাম। কিন্তু ঘড়িটা বিরোধী দলের নয়, আপনার সরকারের। মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়নে যদি ছয় মাসের বেশি লাগে, সেটি আর নীতির প্রশ্ন থাকবে না, সেটি হবে সক্ষমতার ব্যর্থতার স্বীকারোক্তি।

‌‘প্রমাণিতভাবে ব্যর্থ মন্ত্রী ও অযোগ্য লোক দিয়ে কৌশলগত খাতে পরীক্ষা-নিরীক্ষাকে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে না। এটা হচ্ছে ‘আই হ্যাভ নো প্ল্যান’ এর টেস্টিং। একটি প্র্যাক্টিসিং ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রী বিরোধীদলকে আল্টিমেটাম কিংবা চ্যালেঞ্জ দেয় না বরং সরকারই তার কাজের জবাবদিহি করে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর উচিত ছিল জবাবদিহি করা যে, সরকার ছয় মাস ক্ষমতায়, আর দেশ এখন ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিংয়ে কেন পড়লো! এই রাষ্ট্র কেনো অন্ধকারে নিমজ্জিত হলো? সমাধান আমাদের হাতে আছে। কিন্তু ক্ষমতা আপনার হাতে। ছয় মাস পর জনগণ জানতে চাইবে, দুটোর মধ্যে কোনটির অভাবে দেশ অন্ধকারে ছিল।

গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের একটি ট্যাংকে বিস্ফোরক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজার কথিত ‘হলুদ লাইনের’ কাছে গিবাতি ব্রিগেডের ট্যাংকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

তবে ইসরায়েলি বাহিনী একইদিন গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। দখলদাররা বলেছে, হলুদ লাইনের কাছে অবস্থানরত তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিল দুই ফিলিস্তিনি। এ সময় তাদের হুমকি হিসেবে ধরে গুলি করা হয়। এতে ওই দুইজন নিহত হন।

দখলদাররা কোনো তথ্য প্রমাণ ছাড়া নিজেদের হুমকি হিসেবে অভিহিত করে গাজায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে থাকে। যদিও গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তাদের বর্তমানে যুদ্ধবিরতি চলছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দুটি ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, এগুলোর জবাবে গাজায় হামলার প্রস্তুতি চলছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ ও বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ২৪.৩৩ সেকেন্ড টাইমিং করেন। এসএ গেমসে এই ইভেন্টের সেরা টাইমিং ২৪.৪০ সেকেন্ড। রাফির এই টাইমিং প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টি করে স্বর্ণপদক জিতেছে।

থাইল্যান্ডে এই প্রতিযোগিতায় ১৬ দেশের মোট ৬০ দল/ক্লাব অংশগ্রহণ করে।

এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডের ৪৪টি ক্লাব/দল ছিল। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের এবং নৌবাহিনীর সার্বিক সহায়তায় সামিউল ইসলাম রাফি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

‘যতদিন গণতান্ত্রিক ধারা থাকবে, ততদিন খালেদা জিয়ার নাম উচ্চারিত হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, ততদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উচ্চারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার সমগ্র জীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন এবং তার আপসহীন মনোভাবই দেশে জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছিল।

শনিবার (১৫ আগস্ট) আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, আলেম-ওলামা ও এতিম শিশুদের প্রতি বেগম খালেদা জিয়ার সবসময় বিশেষ সম্মান ও ভালোবাসা ছিল। পবিত্র রমজানে তিনি প্রথম ইফতার এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে করার চেষ্টা করতেন।

তার সেই ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বজায় রেখেছেন। তার সরকারের আমলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের উন্নয়ন ও আধুনিকায়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বেগম খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করে বর্তমান প্রধানমন্ত্রীও দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন। নারী শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে বেগম খালেদা জিয়ার অবদানের সুফল বাংলাদেশ এখনো ভোগ করছে।

অনুষ্ঠানে জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।

চট্টগ্রামে ২৫ কোটি গাছ রেখে যেতে চাই : বন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বন সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাজারিখিল অভয়ারণ্য পরিদর্শন শেষে তিনি বলেন, চট্টগ্রামে ২৩ লাখ ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে। ফটিকছড়ি ও হাটহাজারীতে গাছের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চট্টগ্রামে পাঁচ বছর পর ২৫ কোটি গাছ রেখে যেতে চাই।

বনায়নের পাশাপাশি বনভূমি রক্ষা ও অবৈধ দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ধ্বংস হচ্ছে- এমন কোনো কাজ হলে তা বরদাস্ত করা হবে না। বন বিভাগ যেসব জায়গা দখলমুক্ত করতে কাজ করছে, সেখানেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, বন উজাড় ও গাছ পাচারের মতো কর্মকাণ্ড পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বন রক্ষার পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় শিপইয়ার্ডে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে দুঃখ প্রকাশ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, শিপইয়ার্ডে মৃত্যু দুঃখজনক। এটি ঝুঁকিপূর্ণ শিল্প। যারা এসব প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তাহলে আমরা এ ধরনের দুর্ঘটনা থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি।

পরিদর্শনকালে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহীম, বিভাগীয় বন কর্মকর্তা এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর:

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরস্থ ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

হামলায় আমির হামজার গাড়ির কাঁচ ভেঙে গেছে। হামলায় গাড়ির সামনে বসা এমপির চাচার পা কেটে যায়। এছাড়াও আমির হামজা নিজেও মাথায় আঘাত প্রাপ্ত হন। বিক্ষোভ মিছিল থেকে এমপির বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণআধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ।

এ সময় আমির হামজার গাড়ি ৬ রাস্তার মোড়ে পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করা হয়। এ সময় উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়। এতে জামায়াতে ইসলামীর ৭ জন ও গণঅধিকার পরিষদের ৩ জন আহত হয় বলে জানা গেছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ৬ রাস্তার মোড় ব্রিজের নিচে ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, আমির হামজা আমাদের গণঅধিকার পরিষদকে নিয়ে বলেছেন- এই দল দুইজনের, তাছাড়া এদের আর কোনো লোকজন নেই। এছাড়াও তিনি আরও তুচ্ছ-তাচ্ছিল্য করে আমাদের গণঅধিকার পরিষদ নিয়ে কথা বলেছেন। এ ঘটনার প্রতিবাদে আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল ৬ রাস্তার মোড়ে।

এ বিষয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই দিকে প্রোগ্রামে ছিলাম। রাস্তাঘাট কালভার্ট কোথায় কোনটা করতে হবে সেই তথ্য নিচ্ছিলাম। আমি ২০ তারিখে মন্ত্রণালয়ে যাব সেজন্য। এ সময় খবর পাই আমার বাবা-মা তুলে আমাকে গালাগালি করছে। আমি সদর থানার ওসিকে কল দেই। তার গাড়ি আগে এবং আমার গাড়ি পেছনে ছিল। এ সময় অতর্কিতভাবে আমার গাড়িতে লাঠি-হকিস্টিক দিয়ে হামলা করা হয়। গাড়ির সামনে বসে থাকা আমার চাচার পা কেটে যায় ও আমি মাথায় আঘাতপ্রাপ্ত হই।

তিনি আরও বলেন, গণধিকার পরিষদের আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। আমি এ বিষয়ে আজকেই মামলা করবো।

এ বিষয় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে ১০ বছর মেয়াদি একটি জ্বালানি পরিকল্পনা উপস্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিসহ প্রতিটি ব্যবস্থাকে ফোকলা করে দিয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে।

আগামী ৫ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটিতে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ৫০৩টি উপজেলার ইনশাল্লাহ প্রত্যেকটিতে আমরা ১৫১ শয্যার উপজেলা হাসপাতাল তৈরি করব। যেখানে মানুষ তার প্রয়োজনমতো চিকিৎসা সুবিধা নিতে পারবে।