Home Blog Page 1626

চাপের মুখে বরিস জনসনের মন্ত্রিসভায় রদবদল


‘পার্টিগেট’ কেলেঙ্কারি নিয়ে প্রচন্ড চাপে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যক্রমের উন্নয়নের জন্য রদবদলের আভাস দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ফেব্রুয়ারী) মন্ত্রিসভায় রদবদল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বিবিসি জানিয়েছে, এবার ব্রেক্সিট সুযোগ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যাকব রিস-মগ। ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের সময় ‘লিভ’ বা ইইউ ত্যাগের পক্ষের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন রিস-মগ। তিনি এখন পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাব
প্রানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, রিস-মগকে মন্ত্রিসভায় একটি যথাযথ অর্থনৈতিক ভূমিকায় দেখতে চান বরিস জনসন।
এছাড়া নতুন চিফ হুইপ করা হয়েছে ক্রিস হিটন-হ্যারিসকে। কনজারভেটিভ দলের এমপিদের শৃঙ্খলাবদ্ধ করার দায়িত্ব সামলাতে হবে তাকে। ওই এমপিদের মধ্যে বেশ কয়েকজন বরিস জনসনের পদত্যাগ চেয়েছেন।
চিফ হুইপ ছিলেন মার্ক স্পেন্সার। তিনি রিস-মগের বদলে কমন্সসভায় দলের নেতা হবেন। তবে কিছু দলীয় এমপি ব্যক্তিগতভাবে স্পেনসারের নতুন পদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পার্লামেন্টে দলের নেতা হিসেবে তার ভূমিকার মধ্যে রয়েছে ওয়েস্টমিনস্টারে আচরণের মান বহাল রাখা। কিন্তু তার বিরুদ্ধে বর্তমানে সহকর্মী এমপি নুসরাত ঘানির উত্থাপিত ইসলামোফোবিয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে।
ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে, পেমাস্টার জেনারেল মাইকেল এলিস ক্যাবিনেট অফিসের মন্ত্রীর অতিরিক্ত ভূমিকা পালন করবেন। উপপ্রধান হুইট স্টুয়ার্ট হবেন গৃহায়ণ মন্ত্রী। এর মাধ্যমে গত দশ বছরে গৃহায়ণ মন্ত্রী হওয়া একাদশ ব্যক্তি হবেন তিনি।
জেমস ক্লিভারলি বৈদেশিক, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরে বহাল থাকবেন। তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বদলে ইউরোপ বিষয়ক মন্ত্রী হবেন। এছাড়া পরিবহন দপ্তরে পদোন্নতি হবে ওয়েন্ডি মর্টনের।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের দপ্তরের কার্যক্রমের উন্নয়নের জন্য অবিলম্বে রদবদল প্রয়াজন ছিল। এটি এমপিদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাবে।

আবারও বাড়লো স্বর্ণের দাম

আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১হাজার ৮৬৭ টাকা। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ হবে ৭৫ হাজার টাকা। বুধবার (৯ ফেব্রুয়ারী) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) থেকে নতুন এ দর কার্যকর হবে।
এর আগে ২০২১ সালের ১৫ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। সে হিসেবে ২ মাসের কম সময়ের মধ্যে আবারও বাড়লো স্বর্ণের দাম।
বর্তমান দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৩ হাজার ১৩৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৩ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন দর অনুযায়ী, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৭৫ হাজার টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ২০৫ টাকায় বিক্রি হবে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও বাড়েনি রূপার দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২২ ক্যারেটের রূপা প্রতি ভরি ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপা প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ২২৫ টাকায় ও সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত খালি থাকবে শিল্পী সমিতির সা. সম্পাদকের চেয়ার

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত।

আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ পদে জায়েদ খান ও নিপুণ আক্তার কেউই দায়িত্ব পালন করতে পারবেন না। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। বুধবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

গতকাল (মঙ্গলবার) জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। সোমবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওইদিন অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, আদালত জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। পাশাপাশি জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে তার কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন আদালত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ ঘোষণা দেন। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

মুসকান যা বললেন..

বোরকা ও হিজাব পরে কলেজে যাওয়ার কারণে কট্টর হিজাববিরোধীদের রোষানলে পড়েছিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মুসলিম ছাত্রী মুসকান খান। কলেজ ক্যাম্পাসের ভেতরেই বিরোধীদের স্লোগানের মুখে পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। তবে হিজাব ইস্যুতে ব্যাপক তর্ক-বিতর্কের মধ্যেই বুধবার কর্ণাটকের হাইকোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাহসী এই মুসলিম শিক্ষার্থী মুসকানও জানিয়েছেন, তিনি রায়ের অপেক্ষায় আছেন এবং হিজাবের বিষয়ে আদালতের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হায়দ্রাবাদভিত্তিক সংবাদমাধ্যম সিয়াসাত।

মুসকান খান কর্ণাটক রাজ্যের পিইএস কলেজ অব আর্টস, সাইন্স অ্যান্ড কমার্স’র বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। কলেজটি রাজ্যের মান্দিয়া জেলায় অবস্থিত এবং বোরকা পরে যাওয়ার কারণেই মঙ্গলবার কলেজ চত্বরে হিজাববিরোধীদের রোষানলে পড়েন। অত্যন্ত সাহসীকতার সঙ্গে শত শত হিজাববিরোধীর ‘জয় শ্রী রাম’ স্লোগানের পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে এই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই তরুণী স্কুটার পার্কিংয়ে রেখে কলেজ ভবনের দিকে হাঁটছেন। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এবং তার দিকে এগিয়ে যায়। পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেওয়ার সময় এই তরুণীকে ভীত দেখা যায়নি। ওই সময় হাত উপরে তুলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায় তাকে। পরে কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা তাকে সরিয়ে নেন।

শত শত তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন মুসকান খান নামের ওই শিক্ষার্থী। এছাড়া নিজের অধিকারের পক্ষে দাঁড়ানোয় মুসকানকে ৫ লাখ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে জামিয়াত উলামায়ে হিন্দ।

কর্ণাটকের ওই প্রাক-বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের দ্বিতীয়বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী বুধবার সাংবাদিকদের জানান, ডিপার্টমেন্টে একটি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য মঙ্গলবার তিনি কলেজে গিয়েছিলেন। তিনি বলেন, ‘বোরকা পরে কলেজে যাওয়ার কারণে একদল শিক্ষার্থী আমাকে গেইটে আটকানোর চেষ্টা করে। তারা বলেছিল- কলেজে ঢুকতে হলে বোরকা খুলতে হবে না হয় ফিরে যেতে হবে। আমি সেটির প্রতিবাদ করেছি।’

মুসকান আরও বলেন, ‘কট্টরপন্থি ওই হিজাববিরোধীরা একই কাজ আমার অন্য সহপাঠীদের সাথেও করেছে। আমি ওই গ্রুপকে পাল্টা প্রশ্ন করি, কলেজে না প্রবেশ করে আমি কেন বাড়ি ফিরে যাবো? এরপর তাদের কয়েকজন আমার কাছে আসে এবং কানের কাছে জোরে ‘জয় শ্রী রাম’ বলে চিৎকার করে।’

‘আমি সামনে এগোতে থাকলে তারা আমার পিছু পিছু আসতে থাকে এবং আমাকে অবশ্যই বোরকা খুলতে হবে বলে চিৎকার করতে থাকে। কিন্তু আমি আমার অবস্থানেই ছিলাম।’

মুসকান বলেন, ‘আমি কোনো ভয় পাইনি। আমি কোনো ভয় ছাড়াই ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়েছি। তাদের ‘জয় শ্রী রাম’ এবং আমার দেওয়া ‘আল্লাহু আকবার’ স্লোগানের মধ্যে ভুল কিছুই নেই। আমি এখন আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। আদালত যে আদেশ দেবে, আমি মেনে নেবো।’

তিনি বলেন, হিজাববিরোধীদের হাত থেকে তাকে রক্ষায় কলেজ কর্তৃপক্ষ সহায়তা করেছে। মুসকানের ভাষায়, ‘যার যার ধর্মীয় রীতি পালন ও অনুসরণ করার অধিকার সব ধর্মেই আছে। আমি আমার ধর্মীয় রীতি পালন করবো।’

এদিকে কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরার বিষয়ে বিধিনিষেধের বিরুদ্ধে মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে বিক্ষোভের আয়োজন করে দ্য মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামে একটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে আয়োজিত ওই বিক্ষোভে বহু শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অনেক মেয়ে শিক্ষার্থীও ছিলেন এবং হিজাব পরেই তারা সেখানে বিক্ষোভ করেন।

এসময় কর্ণাটকের আন্দোলনকারীদের সমর্থনে তারা বিভিন্ন ব্যানার বহন করেন। ব্যানারে লেখা ছিল – ‘আমরা, মোহাম্মদ (সাঃ) এর অনুসারী। আমরা ঘৃণার বিরুদ্ধে লড়াই করবো’ এবং ‘কর্ণাটকের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করার পর। সেই সময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী ও তাদের ছাত্র সংগঠন।

উদুপির এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া এবং শিভামোগগা এলাকায়। সেখানকার কলেজ কর্তৃপক্ষ হিজাব নিষিদ্ধ করে। যদিও আইনে হিজাব পরে মুসলিম ছাত্রীদের ক্লাসে আসতে কোনও বাধা নেই।

পরে উদুপির একটি প্রাক-বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার সেই বিষয়েই কর্ণাটকের হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সেই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনডিটিভি।

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে বর্তমানে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবং টিকা কার্যক্রম অব্যাহত থাকায় সব আসনে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ থেকে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনে কঠোরতা অবলম্বন করা হবে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, বুধবার (আজ) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কার্যক্রম জোরদার করেছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করব।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

এর আগে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহনের ঘোষণা দেওয়া হয়। ওই দিন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহন করা হবে ট্রেনে।

উল্লেখ্য, যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে গত ১২ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি শুরু হয়। হ্রাসকৃত টিকিটের ৫০ শতাংশ মোবাইল অ্যাপ বা অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কেনা যাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। যদিও বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। অধিকাংশ ট্রেনেই যাত্রী বোঝাই করে চলাচল করতে দেখা গেছে। এ নিয়ে বিভিন্ন মহলে চরম সমালোচনা হয়।

নিপুণ বললেন, ‘আমি ওই রকমের মানুষই না’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে তুমুল যুদ্ধ চলছে। পদ নিয়ে রেষারেষি এফডিসির গণ্ডি পেরিয়ে হাইকোর্টে গিয়ে পৌঁছেছে। মহামান্য আদালতের প্রতি সম্মান ও আস্থা জানিয়ে সেদিকে তাকিয়ে আছেন একই চেয়ারের দুই প্রতিদ্বন্দ্বী জায়েদ খান ও নিপুণ। চেম্বার জজ আদালতে নিপুণের আপিলের শুনানি হবে আজ বুধবার। তার আগেই জায়েদ খানের তিন অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা নিপুণ।

এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, চক্রান্ত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সরাতে চান নিপুণ। তিনি আরো বলেছিলেন, নিপুণ গায়ের জোরে তার চেয়ারে বসেছিলেন। নিপুণের প্রমাণ করা উচিত শিল্পীদের মধ্যে কোনো বিভেদ নেই। জায়েদের এসব অভিযোগের বিষয়ে নিপুণ বলেন,‘আমি কেন তার (জায়েদ খান) বিরুদ্ধে চক্রান্ত করব? আমি কোনো অন্যায়, অনিয়মের আশ্রয় নিয়ে শিল্পী সমিতির নির্বাচনে জেতার চেষ্টা করিনি। স্যরি, আমি আসলে ওই রকমের মানুষই না। যদি এ কথা তিনি বলে থাকেন, তাহলে তিনি আসলেই ভুল বুঝছেন আমাকে। আর আমি তো জোর করে চেয়ারে বসতে যাইনি। আপিল বোর্ড বসিয়েছে আমাক।

তদন্ত করে জায়েদ খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে আপিল বোর্ড। নির্বাচনে তার টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। তাই আপিল বোর্ড তার প্রার্থিতা বাতিল করে আমাকে নির্বাচিত করেছে। আর একটা কথা, আমাদের শিল্পীদের মধ্যে আসলেই কোনো বিভেদ নেই।’

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি চিত্রনায়িকা নিপুণের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির নির্বাচনের চূড়ান্ত ফলে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। আপিল বোর্ডের এ সিদ্ধান্ত অবৈধ দাবি করে আদালতে রিট আবেদন করেন জায়েদ খান।

গত সোমবার জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে দেওয়া আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করা হয়। এর পর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নিপুণ।

মেসিকে ইতিহাস সেরাদের তালিকায়ও রাখছেন ব্রাজিলিয়ান তারকা

রিয়াল মাদ্রিদের অন্যতম বড় অস্ত্র তিনি। বার্সেলোনার বিপক্ষে খেলা হলে এতদিন লিওনেল মেসিকে আটকানোর দায়িত্বটা থাকতো ক্যাসেমিরোর কাঁধেই। আর্জেন্টাইন তারকা এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচেও মেসিকে আটকে রাখার দায়িত্বটা যে ক্যাসেমিরোর কাঁধেই থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। পিএসজি বিপক্ষে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে রিয়াল। এর আগে মেসির সবচেয়ে বড় শত্রু হিসেবে খ্যাতি পাওয়া ক্যাসেমিরো তাকে প্রশংসায় ভাসিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘স্পেনে তার অনুপস্থিতি দৃশ্যমান, সে বার্সার জন্য যা কিছু করেছে, তার সবকিছু এখন বোঝা যাচ্ছে। সে এমন খেলোয়াড়-যার খেলা দেখার পর তাকে সবাই ভালোবাসে। যদি আপনি ফুটবল ভালোবাসেন আপনাকে মেসিকেও ভালোবাসতে হবে।’

মেসিকে ইতিহাস সেরাদের তালিকায়ও রাখছেন ব্রাজিলিয়ান তারকা, ‘সে ইতিহাসের সেরা তিনজনের একজন। তাকে একা আটকানো সম্ভব নয়। তাকে আটকাতে গেলে আপনাকে দল হিসেবে চেষ্টা করতে হবে। পিএসজির বিপক্ষে একটা দারুণ ম্যাচ দেখতে যাচ্ছি আমরা।’

ক্যাসেমিরোর খেলার ধরণ নিয়েও প্রশ্ন আছে অনেকের। তাকে মাঠে বেশি আক্রমণাত্মক দেখা যায়। ফাউলও করেন হরহামেশা। তবে নিজের খেলার ধরণ নিয়ে সমস্যা নেই ক্যাসেমিরোর। তিনি বলছেন, কারো সঙ্গে মাঠের বাইরে কোনো বিদ্বেষ নেই।

ক্যাসেমিরো বলেছেন, ‘আমার কাজ হচ্ছে ধ্বংস করা, শক্ত হওয়া ও প্রতি আক্রমণগুলো আটকে দেওয়া। একটা ফাউল করা ও বিদ্বেষ ছড়ানোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি সবসময় বলের কাছে যেতে চাই। অবশ্যই সেটা শক্ত অবস্থায়। আমি যদি কারো ক্ষতি করে ফেলি, নিজের ওপর রাগ হয়। ফাউল খেলার একটা অংশ কিন্তু বিদ্বেষ কখনোই না।’

বোরকা পরিহিতা ছাত্রীর সাহসী প্রতিবাদ

ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে চলছে উত্তেজনা। রাজ্যটির কয়েকটি স্কুল ও কলেজে হিজাব পরে যাওয়া ছাত্রীদের প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর ফলে ছাত্রীরা প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন কয়েকজন ছাত্রী। ছাত্রীদের এ আন্দোলনের বিপক্ষে কাজ করছে ছাত্রদের একটি দল। গেরুয়া চাদর পরা ওই ছাত্ররা দাবি করছে, যদি মেয়েদের হিজাব পরে আসার অনুমতি দেওয়া হয়ং তাহলে তাদেরও গেরুয়া চাদর পরে শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার সুযোগ দিতে হবে। একত্রিত হয়ে ওই ছাত্ররা অনেকটা ভয়-ভীতিই দেখাচ্ছে ছাত্রীদের।

তবে তাদের ভয় উপেক্ষা করে হিজাব পরে কর্ণাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হন মুসকান নামের এক ছাত্রী। প্রতিষ্ঠানটিতে প্রবেশ করার পর ওই ছাত্ররা তাকে ভয়-ভীতি দেখানোর চেষ্টা করে। কিন্তু মুসকান একা থাকা স্বত্ত্বেও সেই ছাত্রদের সামনে প্রতিবাদ করে। পরবর্তীতে শিক্ষকরা এসে তাকে সরিয়ে দেয়।

গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ছাত্রী বলেন, আমি কলেজে যাচ্ছিলাম। কিন্তু বোরকা পরে থাকায় আমাকে কলেজে প্রবেশ করতে দিচ্ছিল না। তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল। আমি একটুও ভয় পাইনি। আমিও আল্লাহু আকবার বলে স্লোগান দেই। পরে শিক্ষকরা এসে আমাকে সরিয়ে দেন।

এদিকে প্রায় এক মাস আগে কর্ণাটকের উদুপুরের পিইউ গার্লস কলেজে প্রথম হিজাব নিয়ে ঘটনা ঘটেছিল। ওই কলেজটির ছাত্রীরা হিজাব পরে শ্রেণিকক্ষে অংশ নেওয়ার জন্য সংগাম চালিয়ে যাচ্ছে। কলেজটির একজন ছাত্রী হিজাব, হেডস্কার্ফ পরে শ্রেণিকক্ষে অংশ নিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা

‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ ফেব্রুয়ারি রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের হাতে সম্মাননাটি তুলে দেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “প্রথম নারী মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের মাতা ও দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননাটি তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

প্রসঙ্গত, ৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন। কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের একটি সংগঠন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দেয়। পুরস্কার পাওয়ার সাড়ে তিন বছর পর মঙ্গলবার বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায় বিএনপি।

এ বিষয়ে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও), তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে গণতন্ত্রকে রক্ষার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন— এসব কারণে প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে।’

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনও সম্মাননা প্রদানকারী সিএইচআরআইও-কে গ্রহণযোগ্য সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে— দাবি করেন মির্জা ফখরুল। এ সময় তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দমন কমিশনের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা হয়। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দুই বছর কারাবাসের পর করোনা মহামারি শুরু হলে (২০২০ সালের ২৫ মার্চ) পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়।

করোনায় আক্রান্ত পৌনে ১৮ লাখ, মৃত্যু ৮ হাজার

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৮ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ১৮ লাখের নিচে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, কলম্বিয়া ও তুরস্ক। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ কোটি ৭৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৬৭ হাজার।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৬৭ হাজার ৯৬৬ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৬ হাজার ৫১৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৯০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৬২৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯০৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৮২ হাজার ২৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ২৩ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ১ হাজার ১২৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৮৩ লাখ ১ হাজার ৩১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ২৮ হাজার ৪৫১ জন মারা গেছেন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১ জন এবং মারা গেছেন ৪১৭ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮ লাখ ৪ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩২ হাজার ৯২৩ জন মারা গেছেন। একই সময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৭২ জন এবং মারা গেছেন ১১১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৫৪০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৫ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৭২০ জনের।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫১৪ জন এবং মারা গেছেন ২৩৬ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৪৭ জন এবং মারা গেছেন ৩২৬ জন।

এছাড়া গত একদিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৮ হাজার ৩৬৩ জন মারা গেছেন। গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮০ জন এবং মারা গেছেন ২৩৫ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন ১২৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৯৮ হাজার ৭৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৯ হাজার ৪৯৫ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৭৮ জন এবং মারা গেছেন ১১৫ জন।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৫২১ জন এবং মারা গেছেন ৫ লাখ ৪ হাজার ৭৮ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৮৬ জন, কানাডায় ৯৩ জন, আর্জেন্টিনায় ২৫৯ জন, গ্রিসে ১১৬ জন, হাঙ্গেরিতে ২৩৪ জন, ইরানে ১০৪ জন, জাপানে ৬৭ জন এবং ভিয়েতনামে ১০০ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১২৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯ হাজার ৫৪৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।