Home Blog Page 1630

প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড

বহুল আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ মামলায় আদালত লিয়াকত ও প্রদীপ কুমারের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেন এবং ৬ জনকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। বাকি সাত আসামিকে খালাস দিয়েছেন।

রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত (৩০), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিটন মিয়া (৩০), ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা (৩০), কনস্টেবল সাগর দেব, স্থানীয় বাসিন্দা বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন (২২), মো. নিজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ আইয়াজ (৪৫)।

খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কনস্টেবল সাফানুর করিম (২৫), মো. কামাল হোসাইন আজাদ (২৭), মো. আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের এসআই মো. শাহজাহান আলী (৪৭), কনস্টেবল মো. রাজীব হোসেন (২৩), আবদুল্লাহ আল মাহমুদ (২০।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনার পাঁচদিন পর ওই বছরের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে দ্বিতীয় আসামি করে ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

চার মাসের বেশি সময় ধরে চলা তদন্তের পর ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।
গত বছরের ২৭ জুন ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর গত বছরের ২৩ আগস্ট কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়। এ প্রক্রিয়া শেষ হয় গত ১ ডিসেম্বর। মোট ৬৫ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

খাজাঞ্চি ইউপি নির্বাচন: বিশ্বনাথে নৌকার প্রার্থী আরশ আলী বিজয়ী


বিশ্ব্নাথ প্রতিনিধি:: অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় সিলেটের বিশ্বনাথের ২নং খাজাঞ্চীতে ইউনিয়নে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী সৌদি আরব প্রবাসী আরশ আলী ৬হাজার ৭৮০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী জনগণ মনোনিত তালুকদার গিয়াস উদ্দিন পেয়েছেন ৪হাজার ২২২ ভোট। ভোটের ব্যবধ্যান ছিল মাত্র ২৫৫৮টি। রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার গোলাম সারওয়ার নিজ কার্যালয় থেকে এ ঘোষনা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপির ভোটের দূর্গ ২নং খাজাঞ্চি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরশ আলী নৌকা প্রতীকে বেসরকারীভাবে বিজয় লাভ করেন। ভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো শতর্ক অবস্থানে। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রোববার থেকেই প্রতিটি কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি কাজ করেন র‌্যাব ও আনসার সদস্যরাও। মাঠে ছিলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। নির্বাচন নির্বিঘœ করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিলো সকল নির্বাচনী এলাকায়।

বিশ্বনাথে ইভিএমে ত্রুটি : আধা ঘন্টার পর চালু

বিশ্বনাথ প্রতিনিধি: ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি এই ২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চলছে। তবে খাজাঞ্চি ইউনিয়নের একটি কেন্দ্রে ইভিএমের কারিগরি ত্রুটির কারণে ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮টা থেকে এই দুটি ইউনিয়নে ১১৮ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে ইভিএমে ত্রুটি থাকায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪টি বুথে প্রায় দুই ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রের ৪টি বুথের ইভিএম চালু করতে না পারায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু করতে পারেননি দায়িত্বরত কর্মকর্তারা। এতে সাধারণ ভোটাররা দুর্ভোগে পড়েন। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ভোট গ্রহণ শুরুর আগেও আমরা ইভিএম চালু করে পরীক্ষা করেছিলাম।
তবে ৮টার দিকে হঠাৎ মেশিনে ত্রুটি দেখা দেয়। তবে আধা ঘণ্টা পরই ইভিএম চালু হয়েছে এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুতে বিলম্ব হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এই কেন্দ্রের ভোটার আব্দুর রহিম ও আশিকুর রহমান রানা দুই ঘণ্টা ভোটগ্রহন বন্ধ ছিল অভিযোগ তুলে বলেন, ইভিএমে ত্রুটির কারণে এই কেন্দ্রের কয়েকটি বুথে প্রায় ২ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। এখন যাও চালু হয়েছে তাও ধীরগতি।

সেবা রফতানিতে মিলবে নগদ সহায়তা

সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানি করে নগদ সহায়তা পাওয়ার জন্য ৫৫টি অনলাইন মার্কেট প্লেসের তালিকা প্রকাশ করা হয়েছে। এখন থেকে ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাডসেন্স, অ্যাপ স্টোর, প্লে স্টোর, ফ্রিল্যান্সার, ফাইভারের মতো মার্কেট প্লেসের মাধ্যমে সেবা রফতানি করলে ৪ শতাংশ নগদ সহায়তা মিলবে। ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট’ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সাররা সফটওয়্যার ও আইটিইএস সেবা অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে রফতানি করে থাকে। সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানির বিপরীতে নগদ সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট অনলাইন মার্কেট প্লেসকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্বীকৃত হতে হয়।

এর ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রাথমিকভাবে ৫৫টি স্বীকৃত মার্কেট প্লেসের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে। ওই তালিকা রোববার অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্দিষ্ট সীমা পর্যন্ত রফতানি আয়ের ক্ষেত্রে টিটি বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্য সূত্রের অবর্তমানে অর্থপ্রাপ্তির যথার্থতা নিশ্চিত হওয়া গেলে নগদ সহায়তা প্রযোজ্য হবে। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বীকৃত অন্তর্জাতিক মার্কেট প্লেসের সহায়তায় সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানি করতে হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ের মার্কেট প্লেসের সহায়তায় রফতানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আলোচ্য তালিকা প্রযোজ্য হবে বলে সার্কুলারে বলা হয়েছে।

নিপুণের বিরুদ্ধে মামলা করবেন জায়েদ খান

জায়েদ খান চক্রান্ত করে জিতেছেন বলে দাবি করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। রোববার বিকেলে একটি স্ক্রিনশট ফাঁস করে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এ চিত্রনায়িকা। তবে জায়েদ খানের দাবি, স্ক্রিনশটটি তার নয়; এটি সুপার এডিটেড। তাকে মানহানি করা হয়েছে মন্তব্য করে জায়েদ খানও মনস্থির করলেন, তিনি নিপুণের বিরুদ্ধে মামলা করবেন।

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো এক ব্যক্তির আলাপের স্ক্রিনশট ফাঁস করেন নিপুণ। এরপরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিপাড়া উত্তাল হয়ে ওঠে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খান বলেন, ‘এটা সম্পূর্ণ বানোয়াট। সুপার এডিটেড।আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি ওইদিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, তাকে আইনের আওতায় আনার জন্য আমি মামলা পর্যন্ত করব।’

স্ক্রিনশটটি যে তার কথপোকথনের নয় তার প্রমাণ দিতে গিয়ে এ নায়ক বলেন, ‘স্ক্রিনশটের ব্যাপারটি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে। একজন পাঠিয়েছে। আধুনিক যুগে এগুলো সবাই জানেন। স্ক্রিনশট হলে, যার কাছে মেসেজ পাঠিয়েছি, তার ছবিটা কোথায়? দুইজনের সঙ্গে আলাপের স্ক্রিনশট দেখানো হয়েছে, তাহলে সেই মানুষটা কে? আমরা এতো বোকা না। স্ক্রিনশট দিয়ে তার নামটা সরিয়ে দেবেন, তাহলে কীভাবে হবে! ওই লোকটাকে সামনে আনেন। যাকে আমি এসব মেসেজ দিয়েছি, তাকে দেখতে চাই।’

শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে প্রতিনিয়ত ষড়যন্ত্রের শিকার হচ্ছেন দাবি করে টানা তিনবার সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া এই নায়ক বলেন, ‘আমি বলেছিলাম, আমাকে মার্ডার কেসে আটকানোর চেষ্টা করেছে, পপিকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে, এখন এগুলো শুরু করেছে। ঘটনা হলো, জায়েদ খান জিততেই পারবে না। কিছু মানুষের এমন মানসিকতা কাজ করছে।’

ওসি প্রদীপের ফাঁসি চান নির্যাতিতরা

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার চিংড়ি ব্যবসায়ী বাদশা ও তার ছেলে সাদ্দাম হোসেন। ২০২০ সালে পৃথক ঘটনায় টেকনাফ থানা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু হয় তাদের। খুব অল্প সময়ের ব্যবধানে বাবা-ছেলেকে বন্দুকযুদ্ধের নামে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওসি প্রদীপের দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা দিতে না পারায় বাবা-ছেলেকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় ২০২০ সালের ৭ সেপ্টেম্বর ওসি প্রদীপ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবার।

২০১৯ সালের ১৯ মার্চ মাসে বীজ ও সার আনতে উপজেলা সদরের কৃষি অফিসে গিয়েছিলেন টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদ। সেখান থেকে নূর মোহাম্মদকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন ওসি প্রদীপসহ অন্যরা। চাঁদা দিতে না পারায় ২১ মার্চ রাতে নূর মোহাম্মদকে সৈকতের ঝাউবাগানে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় একই বছরের ৯ সেপ্টেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন নূর মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম।

২০১৯ সালের ১৮ অক্টোবর একই ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা মো. আজিজ এবং স্থানীয় নুর হাসান ও আবুল খায়েরকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে মো. আজিজের পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপ ও তার সহযোগীরা। টাকা না দিলে আজিজকে ক্রসফায়ারে হত্যার হুমকি দেওয়া হয়। এতে নিরুপায় হয়ে বিভিন্নভাবে ৫০ হাজার টাকা সংগ্রহ করে পুলিশকে দেয় আজিজের পরিবার। কিন্তু ১৯ অক্টোবর রাতে টেকনাফের মহেশখালীয়াপাড়া নদীঘাট এলাকায় আজিজকে ক্রসফায়ারে হত্যা করা হয়। এ ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশসহ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন মো. আজিজের মা হালিমা খাতুন। পরে অভিযোগটি খারিজ করে দেওয়া হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার পাঁচ দিন পর ওই বছরের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে দ্বিতীয় আসামি করে ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‍্যাব

চার মাসের বেশি সময় ধরে তদন্তের পর ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।

গত বছরের ২৭ জুন ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ২৩ আগস্ট কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়। এ প্রক্রিয়া শেষ হয় গত ১ ডিসেম্বর। মোট ৬৫ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন। মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ১২ জানুয়ারি রায়ের জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক।

এদিকে সিনহা হত্যা মামলায় গ্রেফতারের পর বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগীদের বিরুদ্ধে ১৪৪টি কথিত বন্দুকযুদ্ধে ১৬১ জনকে হত্যার অভিযোগ ওঠে। সব ঘটনায় মোটা অংকের চাঁদা দাবি ও প্রতিপক্ষের কাছ থেকে মোটা টাকা নিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগীদের বিরুদ্ধে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ এনে ১৫টির বেশি মামলা করে নিহতদের পরিবার। কিন্তু মামলাগুলোর কোনো অগ্রগতি হয়নি। মামলাগুলোর অগ্রগতি না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। তাই তারা সবাই চেয়ে আছেন সিনহা হত্যা মামলা রায়ের দিকে।

ভুক্তভোগী অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, সিনহা হত্যার মামলার বিচারিক কার্যক্রম শুরুর পর থেকে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগীদের বিচারের অপেক্ষা করছেন কথিত বন্দুকযুদ্ধে নিহতদের স্বজনরা। এর মধ্যে ৩১ জানুয়ারি সিনহা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হলে তারা আশান্বিত হন। এই রায়কে ঘিরে টেকনাফে বন্দুকযুদ্ধে নিহতদের ঘরে ঘরে এখন প্রার্থনা চলছে। তারা নফল রোজা, নামাজসহ বিভিন্নভাবে ইবাদত করে ওসি প্রদীপ ও তার সহযোগীদের ফাঁসির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন।

ওসি প্রদীপের হাতে কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবক বেলালের ভাই টেকনাফ সদরের হাবিবপাড়ার জালাল উদ্দীন বলেন, ইয়াবা ব্যবসায়ীর তকমা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে আমার ভাইকে রাতের আঁধারে তুলে নিয়ে গিয়ে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করেছিলেন ওসি প্রদীপ ও তার সহযোগীরা। কিন্তু মামলা করেও আমি ভাই হত্যার বিচার পাইনি। তাই সিনহা হত্যা মামলার রায়ের দিকে চেয়ে আছি।

তিনি বলেন, আমরা অধীর অপেক্ষায় রয়েছি, সিনহার হত্যা মামলায় ওসি প্রদীপ ও তার সহযোগীদের সবার ফাঁসি হবে। ভাইকে তো ফিরে পাব না, অন্তত তাদের ফাঁসি হলে আমরা সান্ত্বনা পাব। তাদের ফাঁসি হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কান্না করে প্রার্থনা করছি।

কথিত বন্দুকযুদ্ধে নিহত হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার যুবলীগ নেতা মুফিজ আলমের বাবা গোলাম আকবর বলেন, আমার ছেলেকে হত্যা করেছে ওসি প্রদীপ। ছেলেকে আর কখনো ফিরে পাব না। তার বিচারও পাব না হয়তো। কিন্তু এখন আমি চেয়ে আছি সিনহা হত্যা মামলার দিকে। সিনহা হত্যা মামলায় আমাদের ওসি প্রদীপ ও তার সহযোগীদের ফাঁসি চাই আমরা। তাদের ফাঁসি হলে আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করব।

একই এলাকার নিহত সাহাব উদ্দীনের ছোট ভাই হাফেজ উদ্দীন বলেন, ওসি প্রদীপ টেকনাফকে নরকে পরিণত করেছিলেন। তার পাপের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সীমা ছাড়িয়ে যাওয়ার আল্লাহ আর সহ্য করেননি। আমরা যারা স্বজনহারা রয়েছি, তারা ওসি প্রদীপ ও তার সহযোগীদের বিচার চাইতে পারিনি। কিন্তু অলৌকিকভাবে তারা আজ বিচারের কাঠগড়ায়। তাদের ফাঁসিই হবে- আমরা এমন দোয়া করছি আল্লাহর কাছে।

শিরোপা ধরে রাখার সম্ভাবনা মুছে গেল বাংলাদেশের

শিরোপা ধরে রাখার সম্ভাবনা মুছে গেল বাংলাদেশের। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল টাইগার যুবারা। এবারও আশা ছিল তেমন কিছুর। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। বিশ্ব চ্যাম্পিয়ন তকমা আর থাকছে না বাংলাদেশের যুবাদের। শনিবার অ্যান্টিগায় রাকিবুল হাসানের দল ম্যাচ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশকে জবাব দিতে নেমে শুরুতে একটু বিপদেই পড়েছিল ভারত। ৩ বলে ০ রান করে তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন হারনর সিং। এরপর দলের হাল ধরেন শেখ রশিদ ও আঙ্কিস রাঘুবংশী। দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি।

৫৯ বলে ২৬ রান করা শেখ রশিদকে রিপন মণ্ডল সাজঘরে ফেরালে এই জুটি ভেঙে যায়। এরপর রাঘুবংশীর সঙ্গী হন অধিনায়ক ইয়াশ ঢুল। কিছুক্ষণ পর ৬৫ বলে ৪৪ রান করা রাজবংশীও শিকার হন রিপনের। আরও দ্রুত দুই উইকেট নিয়ে নেন তিনি। ম্যাচে ফেরার বার্তাই যেন দেয় বাংলাদেশ। কিন্তু লক্ষ্যটা এতই কম, বেশি কিছু করার ছিল না বোলারদের। ২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ভারতীয় অধিনায়ক ঢুল।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রাবি কুমারের বলে বোল্ড হয়ে ৪ বলে ২ রান করে আউট হন মাহফিজুল ইসলাম।
১৭ বলে ১ রান করেন আরেক ওপেনার ইফতেখার আহমেদ। ১৯ বলে ৭ রান করে আউট হন প্রান্তিক নওরোজ নাবিলও। মাঝে কিছুক্ষণ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আইচ মোল্লা। কিন্তু ৪৮ বলে ১৭ রান করে রান আউট হন তিনি। ৫৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা।

এরপর টাইগার যুবাদের পথ দেখাচ্ছিলেন মেহরব ও আশিকুর। দুজন মিলে গড়ে তুলেন ৫১ রানের জুটি। কিন্তু ৪৮ বলে ৩০ রান করেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে যান মেহরব। স্টাম্পিংয়ের সুযোগ মিস করেননি উইকেটরক্ষক বানা। ২৯ বলে ১৬ রান করে রান আউট হন আশিকুরও। বাংলাদেশের ইনিংসটাও আর লম্বা হয়নি, থামতে হয় ১১১ রানে। ভারতের পক্ষে ৩ উইকেট নেন রাবি কুমার। ৭ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি।

কোয়ার্টার ফাইনালে হারলেও বিশ্বকাপ শেষ হচ্ছে না এখানেই। আরেক কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে পাকিস্তান। তাদের বিপক্ষে ৩১ জানুয়ারি সুপার লিগ প্লে অফ সেমিতে লড়বে বাংলাদেশের যুবারা।

স্বামী পছন্দ না হওয়ায় নববধূর বিষপান

স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের ৯ দিনের মাথায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক কিশোরী বধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়শলুয়া গ্রামে নিজ বাড়িতে বিষপানে সে আত্মহত্যা করে। নববধূ রজনী খাতুন (১৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের জাহাঙ্গীর মণ্ডলের মেয়ে এবং স্থানীয় আরাফাত হোসেন সরণি বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, মাত্র ৯ দিন আগে রজনীকে ইচ্ছার বিরুদ্ধে একই উপজেলার যদুপুর গ্রামের সাগর হোসাইনের সঙ্গে বিয়ে দেয় পরিবার। স্বামীকে পছন্দ না হওয়ায় তিনি শ্বশুরবাড়িতে যাবেন না বলে পরিবারকে জানিয়ে দেন। স্বামী এসে শনিবার রাতে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। স্বামী আসবে জানতে পেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিষপান করে রজনী। একপর্যায়ে রজনীকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, অল্প বয়সে বিয়ে দিয়েছিল তার পরিবার। স্বামীকে পছন্দ হয়নি বলে বাবাকে জানিয়েছিল সে। মূলত এ কারণেই রজনী আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

‘শিল্পী সমিতির আর কোনো নির্বাচন এফডিসিতে হতে পারবে না’

শিল্পী সমিতির নির্বাচনের দিন প্রযোজক, পরিচালকসহ ১৭ সংগঠনের কাউকেই এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। বেশ কয়েকজন বরেণ্য পরিচালক সেদিন এফডিসির গেট থেকে বিষণ্ন মুখে ঘরে ফিরেছিলেন। এ ঘটনা চরম ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যরা ঘোষণা দিয়েছেন— এর পর থেকে শিল্পী সমিতির আর কোনো নির্বাচন এফডিসিতে হতে পারবে না। শুধু তাই নয়, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগ ও শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। শনিবার এসব দাবি তুলে কিছু কর্মসূচি দিয়েছেন চলচ্চিত্রের ১৭ সংগঠনের নেতারা।

১৭ সংগঠনের মুখপাত্র চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান বলেন, নির্বাচনের দিন পরিচালক, প্রযোজক এবং অন্যান্য স্টাফকে এফডিসির বাইরে অবস্থান করতে হয়েছে। আমাদের অনেককে লাঞ্ছিতও করা হয়েছে। আমরা ঘোষণা দিচ্ছি— সামনের কোনো শিল্পী সমিতির নির্বাচন এফডিসিতে হতে পারবে না। শিল্পী সমিতিকে যদি কোনো নির্বাচন করতেই হয়, তবে তা হতে হবে এফডিসির বাইরে অন্য কোথাও। এখানে আর নয়।

পরিচালক, প্রযোজকদের চরমভাবে অপমান করা হয়েছে মন্তব্য করেন সোহানুর রহমান সোহান বলেন, গত কয়েক বছর ধরে শিল্পী সমিতির নির্বাচনে বাড়াবাড়ি রকমের কিছু বিষয় দেখা গেছে, যার চূড়ান্ত সীমা লঙ্ঘিত হয়েছে এবারের নির্বাচনে। আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ অমাণ্য করে আমাদের ঢুকতে দেননি এফডিসির এমডি ও শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। এটা আমাদের জন্য অপমানের। আমরা নির্বাচন কমিশনারকে আজীবন নিষিদ্ধ, এফডিসির এমডির অপসারণসহ চার দফা দাবিতে কর্মবিরতি দিয়েছি।’

দাবি না মানা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই কর্মবিরতি চলবে বলে জানান সোহানুর রহমান। কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি সকাল থেকে ১৭ সংগঠনের সদস্যরা এফডিসির সামনে অবস্থান নেবেন। এফডিসির এমডির কুশপুত্তলিকা পোড়ানো হবে সেখানে।

দেহে দ্রুত প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে

ওমিক্রন ছড়িয়ে পড়ায় মানুষের শরীরে দ্রুত প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে বলে মনে করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। শনিবার দুপুরে সিঙ্গাপুর থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ঢাকা পোস্টকে তার এ অভিমত জানান বিজন কুমার।

তিনি বলেন, ওমিক্রন ছড়িয়ে পড়া ভালো; এটি সবার মধ্যে ছড়িয়ে পড়লেই ভাল। কারণ তা (বেশি ছড়িয়ে পড়া) টিকার চেয়ে বেশি কার্যকর। তিনি মনে করেন, মহামারির পর ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে। এজন্য এখনই প্রস্তুতি নিতে হবে সবাইকে। সময়টি মোকাবিলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমিক্রনের শুরুতে উপসর্গ কম দেখা যাচ্ছে। সংক্রমণ হার বেশি হচ্ছে। কিন্তু এত সংক্রমণের পরও মৃত্যুর হার তুলনামুলক কম।

বিজন কুমার শীল বলেন, সর্দির ফলে ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। সংক্রমণ বেশি হওয়ার ক্ষেত্রে এটি বড় কারণ। তিনি জানান, ওমিক্রনের তিনটি ধরন আছে। এর মধ্যে রয়েছে বিএডটওয়ান, বিএডটটু ও বিএডটথ্রি। বিএডটওয়ানের সংক্রমণ ৫০০ গুণ ছড়িয়ে পড়েছে। ১২০ গুণ ছড়িয়েছে বিএডটটু। তিনি বলেন, সংক্রমণ দ্রুত হলেও ওমিক্রনের রোগ সৃষ্টির ক্ষমতা বাড়েনি। ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, তবে তা ভয়াবহ নয়।

তার ধারণা, আগামী মাসের (ফেব্রুয়ারি) দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ হব। এরপর থেকে সংক্রমণ নিম্নমুখী হবে। সেপ্টেম্বর মাসের পর করোনা প্যান্ডেমিক (বৈশ্বিক) থেকে এন্ডেমিকে (দেশীয়) পরিণত হবে, শক্তি কমে যাবে। সাধারণ রোগের মতো এর চরিত্র দাঁড়াবে।

বিজন কুমার শীল আগামী ১০ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরছেন বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন। জন্মসূত্রে তিনি বাংলাদেশি হলেও বর্তমানে তিনি সিঙ্গাপুরের নাগরিক। তিনি পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। ভিসার মেয়াদ ২০২০ সালের ১ জুলাই শেষ হয়ে যায়।

বিজন কুমার শীল এরপর নিয়ম মেনে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হিসেবে এনভিআর (নো ভিসা রিকোয়ার্ড) ভিসা পরিবর্তনের আবেদন করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রচলিত নিয়ম অনুসারে ড. বিজনকে বিদেশি (অন্য দেশের পাসপোর্টধারী) হিসেবে ‘ই-ভিসা’ (এমপ্লয়মেন্ট ভিসা) করার উপদেশ দেয় এবং তার পর্যটক ভিসার মেয়াদ এক বছর বাড়িয়ে দেয়।

বিজন শীল ২০২০ সালের ১ ফেব্রুয়ারি গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান পদে যোগ দিয়েছিলেন। তিনি করোনার কিট নিয়ে কাজ করছিলেন।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।